Arrest

স্কুল থেকে মেয়েকে নিয়ে ফেরার পথে বধূকে স্কুটারে তুলে ধর্ষণের অভিযোগ! রিসর্টে নির্যাতনের ভিডিয়ো ভাইরাল, জলপাইগুড়িতে গ্রেফতার তরুণ

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত তরুণ। তাঁর বক্তব্য, বধূ ও তাঁর স্বামী তাঁর কাছে টাকা চেয়েছিলেন। সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁকে ফাঁসানো হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি
  • শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ০৪:৪৩

জলপাইগুড়িতে বধূকে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বধূকে লাগাতার কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শেষ পর্যন্ত বুধবার স্বামীকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বধূ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে এদিনই আদালতে পেশ করার কথা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত তরুণ। তাঁর বক্তব্য, বধূ ও তাঁর স্বামী তাঁর কাছে টাকা চেয়েছিলেন। সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁকে ফাঁসানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী জলপাইগুড়ি শহরের বাসিন্দা। অভিযুক্ত তরুণও একই এলাকার বাসিন্দা। দু’জনের মধ্যে পূর্বপরিচয় ছিল বলেও জানা গিয়েছে। বধূর অভিযোগ, গত ২ জুলাই মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্তের সঙ্গে তাঁর দেখা হয়। সেই সময় তাঁকে স্কুটারে ওঠার প্রস্তাব দেয় ওই তরুণ। অভিযোগ, স্কুটারে ওঠার পর তাঁকে জোর করে ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। এরপরই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। তাঁর দাবি, ওই পানীয়ের মধ্যে অজান্তেই কিছু মিশিয়ে দিয়েছিল অভিযুক্ত। সেই অবস্থায় তাঁকে শহর সংলগ্ন একটি রিসর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

নির্যাতিতার আরও দাবি, গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত তাঁকে লাগাতার কুপ্রস্তাব দিতে থাকে। তাতে রাজি না হওয়ায় তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। এরপর দশমীর দিন ধর্ষণের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি বধূর। ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর পাড়ার একাংশের লোকজন তাঁকে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। বুধবার থানার সামনে দাঁড়িয়ে বধূ ও তাঁর স্বামী জানান, এই ঘটনায় তাঁদের সামাজিক সম্মানহানি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।


Share