Death

জমি বিবাদের সালিশি সভার পর মৃত্যু বৃদ্ধের, ময়নাগুড়িতে দেহ রেখে বিক্ষোভে উত্তাল গ্রাম

অভিযোগ, সভায় মোতিয়ার রহমানের পাশাপাশি আলিউল হক ও নুর আমিন নজরুল হককে জমি ছেড়ে দিতে এবং চলতি মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। সেখানে তাঁকে অপমান ও ভয় দেখানো হয় বলেও অভিযোগ পরিবারের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৫:২০

ময়নাগুড়িতে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সালিশি সভার পর এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম নজরুল হক (৬৩)। অভিযোগ, সালিশি সভায় তাঁকে অপদস্থ ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রবিবার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি অঞ্চলের বোলোরহাট এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা মোতিয়ার রহমান ও আরও দু’জনের সঙ্গে দীর্ঘদিন ধরে নজরুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালতেও বিচারাধীন ছিল।

শনিবার মোতিয়ার রহমানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জমি সংক্রান্ত বিরোধ মেটাতে একটি সালিশি সভা ডাকার প্রস্তাব দেওয়া হয়। পরে সেই সভা বসে। অভিযোগ, সভায় মোতিয়ার রহমানের পাশাপাশি আলিউল হক ও নুর আমিন নজরুল হককে জমি ছেড়ে দিতে এবং চলতি মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। সেখানে তাঁকে অপমান ও ভয় দেখানো হয় বলেও অভিযোগ পরিবারের।

এরপর বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন নজরুল হক এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তের বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পরে অভিযুক্তের এক আত্মীয় জাকির হোসেনকে গ্রেফতার করা হলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।


Share