Murder Case

উত্তর দিনাজপুরে ভুট্টা খেত থেকে নলিকাটা দেহ উদ্ধার, মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে রহস্য

উত্তর দিনাজপুরের সাহাপুরে ভুট্টা খেত থেকে উদ্ধার হল নলিকাটা দেহ। পরিবার খুনের অভিযোগ তুললেও কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৪:০৮

 ভুট্টা খেত থেকে এক বৃদ্ধের নলিকাটা দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে এক কৃষক জমিতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে পাশের ভুট্টা খেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।

পরে মৃতের পরিচয় জানা যায়। মৃতের নাম শ্রীপতি বণিক (৬৫)। তিনি ধরমপুরের হাট ডুবকল এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তিনি নিজের ঘরেই ছিলেন। এরপর কখন এবং কীভাবে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বৃদ্ধের দেহ উদ্ধারের পরই পরিবারের তরফে খুনের অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, ধারালো অস্ত্র দিয়ে নলি কেটে শ্রীপতিকে খুন করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।

 পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।


Share