Mysterious Death

অসুস্থ তরুণীকে স্কুলে ফেলে পালানোর অভিযোগ, রাতভর পড়ে থেকে মৃত্যু আলিপুরদুয়ারে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে স্থানীয় যুবক অর্জুন মুন্ডার সঙ্গে তিনি বিহারে একটি ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, সেখানে দু’জনের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। তদন্তকারীদের দাবি, ফুলো বিহারে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার
  • শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৪:২৫

আলিপুরদুয়ারের পাড় পাতলাখাওয়া প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মঙ্গলবার ভোরে এক তরুণীর দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম ফুলো মুন্ডা (২৯)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে স্থানীয় যুবক অর্জুন মুন্ডার সঙ্গে তিনি বিহারে একটি ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, সেখানে দু’জনের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। তদন্তকারীদের দাবি, ফুলো বিহারে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। সোমবার রাতে অর্জুন তাঁকে পূর্ব কাঁঠালবাড়ি গ্রামের বাড়িতে ফিরিয়ে আনেন।

স্থানীয়দের বক্তব্য, ফুলোর শারীরিক অবস্থার অবনতি দেখে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই মতো অর্জুন তাঁকে নিয়ে বেরোলেও অভিযোগ, হাসপাতালে না নিয়ে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে থাকায় সেখানেই মৃত্যু হয় তরুণীর। খবর পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সোনাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। পলাতক অর্জুন মুন্ডার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।


Share