Rape

প্রলোভন ও খুনের হুমকি দিয়ে লাগাতার ধর্ষণ কিশোরীকে, আলিপুরদুয়ারে গ্রেফতার অভিযুক্ত

কিশোরীর পরিবারের অভিযোগ, টানা ছ'মাস ধরে নানা ধরনের লোভ দেখিয়ে অভিযুক্ত যুবক ১৩ বছরের শিশুকে ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ্যে যাতে না আসে তার জন্য জীবনহানিরও হুমকি দেওয়া হয় কিশোরীকে। এই ভয়ে কাউকে কিছু বলতে পারেনি সে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:০৩

ফের নাবালিকা ধর্ষণকাণ্ড আলিপুরদুয়ারে। প্রতিবেশী এক যুবক লাগাতার ধর্ষণ করেছে ১৩ বছরের কিশোরীকে। ধর্ষণের জেরে পাঁচ মাসের গর্ভবতী হয়ে পড়ল ওই কিশোরী। একদিকে অন্তঃসত্ত্বা ও অন্যদিকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল তাকে। অবশেষে এতকিছুর পর অসুস্থ হয়ে পড়ে সে। তখনই প্রকাশ্যে আসে এই নারকীয় ঘটনাটি। পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে শামুকতলা থানার পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কিশোরীর পরিবারের অভিযোগ, টানা ছ'মাস ধরে নানা ধরনের লোভ দেখিয়ে অভিযুক্ত যুবক ১৩ বছরের শিশুকে ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ্যে যাতে না আসে তার জন্য জীবনহানিরও হুমকি দেওয়া হয় কিশোরীকে। এই ভয়ে কাউকে কিছু বলতে পারেনি সে।

গত রবিবার সকালে নাবালিকা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করার পর জানান, ওই কিশোরী অন্তঃসত্ত্বা। এই খবর প্রকাশ্যে আসতেই আকাশ ভেঙে পড়ে পরিবারের মাথায়। এরপরই মেয়েটি তার ওপর হওয়া অত্যাচারের কথা খুলে বলে। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share