Death

সংশোধনাগারের ভিতরে রহস্যমৃত্যু বন্দির, দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে, শোরগোল দক্ষিণ দিনাজপুরে

সেই সময় থেকেই উৎপল সংশোধনাগারেই ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্যান্য বন্দিরা সেলের ভিতরে রডের হুকের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় উৎপলের দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে সংশোধনাগার কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

বালুরঘাট থানা
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪০

সংশোধনাগারের ভিতরেই আত্মঘাতী! দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা সংশোধনাগারে উদ্ধার এক সাজাপ্রাপ্ত বন্দির ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় আসামীর এই রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঝুলন্ত দেহ নজরে আসতেই পুরো সংশোধনাগারে শোরগোল ছড়িয়ে পড়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে তড়িঘড়ি বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম উৎপল মণ্ডল (২৩)। তিনি মালদহ জেলার হরিশচন্দ্রপুরের বাসিন্দা ছিলেন। ২০১৮ সালে একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে বালুরঘাট জেলা সংশোধনাগারে সে বন্দি ছিল। সেই সময় থেকেই উৎপল সংশোধনাগারেই ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্যান্য বন্দিরা সেলের ভিতরে রডের হুকের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় উৎপলের দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে সংশোধনাগার কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে অনুমান, আত্মঘাতী হয়েছে ওই বন্দি। তবে কোনও রহস্য লুকিয়ে আছে কি না, তা তদন্ত করে দেখতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ। ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন,‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’


Share