Cylinder Brust

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গ্যাস সিলিন্ডারে আগুন, পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়াল ২০২ পরীক্ষার্থী

পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা দ্রুত পদক্ষেপ করেন। তাঁরা জ্বলন্ত সিলিন্ডারটি টেনে স্কুল ভবনের বাইরে মাঠের মধ্যে নিয়ে যান। ভিজে বস্তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা হলেও তা নিয়ন্ত্রণে আসেনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, তুফানগঞ্জ
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০২

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও পরীক্ষার্থীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেল। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

সোমবার নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছে যায়। জানা গিয়েছে, বালাভূত হাই স্কুল, বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ ও কৃষ্ণপুর স্কুলের মোট ২০২ জন পরীক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর প্রায় দশ মিনিট আগে স্কুল সংলগ্ন ক্যান্টিনে চা তৈরির সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় স্কুল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা দ্রুত পদক্ষেপ করেন। তাঁরা জ্বলন্ত সিলিন্ডারটি টেনে স্কুল ভবনের বাইরে মাঠের মধ্যে নিয়ে যান। ভিজে বস্তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা হলেও তা নিয়ন্ত্রণে আসেনি। এরপর দমকলকে খবর দেওয়া হয়। তবে দমকল পৌঁছানোর আগেই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। বিস্ফোরণের শব্দে ভীত পরীক্ষার্থীরা সাময়িকভাবে পরীক্ষা ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

খবর পেয়ে তুফানগঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, এসডিপিও মনোজ কুমারসহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি খতিয়ে দেখে পরীক্ষার্থীদের আশ্বস্ত করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল বসাক জানান, পুলিশের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ফাঁকা মাঠে বিস্ফোরণ হওয়ায় কেউ আহত হননি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার্থীরা আবার শান্তভাবে পরীক্ষা দেয়।

প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপে বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে এ ঘটনায় ইতিমধ্যেই স্কুল থেকে রিপোর্ট নিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ।


Share