Coal Mine Accident

পাণ্ডবেশ্বরের কয়লা খনিতে ২০০ ফুট গভীরে আটকে ১২ শ্রমিক! রাতভর উদ্ধার অভিযানে ভোরে উদ্ধার

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কুমারডিহি এ কোলিয়ারিতে খনির প্রায় ২০০ ফুট গভীরে আটকে পড়েছিলেন ১২ জন শ্রমিক। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ তাঁদের প্রত্যেককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার করতে তৎপর উদ্ধারকারী দল
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান
  • শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ০১:৫৪

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে কয়লা খনির গভীরে আটকে পড়েছিলেন ১২ জন শ্রমিক। সোমবার বিকেল থেকে তাঁদের উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়। দীর্ঘক্ষণ উৎকণ্ঠার পর মঙ্গলবার ভোরে অবশেষে স্বস্তি ফেরে। কুমারডিহি এ কোলিয়ারি থেকে একে একে ১২ জনকেই উদ্ধার করা হয়। তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

খনি সূত্রে খবর, সোমবার বিকেলে কাজ চলাকালীন খনির প্রায় ২০০ ফুট গভীরে ডুলিতে আটকে পড়েন শ্রমিকরা। প্রথমে খনি কর্তৃপক্ষের তরফে তাঁদের উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু সেই প্রচেষ্টা সফল না হওয়ায় উদ্বেগ বাড়তে থাকে। এরপর শুরু হয় জোরদার উদ্ধার অভিযান। খনির ভিতরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হয়। তাঁদের কাছে পাঠানো হয় জল ও শুকনো খাবারও, যাতে দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে শারীরিক সমস্যা না হয়।

শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে রাতভর চলে উদ্ধারকাজ। পরিস্থিতির উপর নজর রাখে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। উদ্ধার অভিযানের তদারকিতে দুর্গাপুরের মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল এবং আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার ঘটনাস্থলে পৌঁছোন। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও সেখানে উপস্থিত ছিলেন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, বিপর্যয় মোকাবিলা দফতর এবং খনি কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই অভিযান চলে।

মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ শেষ পর্যন্ত আটকে থাকা ১২ জন শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে উল্লেখ করা হয়েছে প্রশাসনিক তৎপরতার বিবরণে।

উদ্ধারের পর জিতেন্দ্র তিওয়ারি জানান, শুধু খনি কর্তৃপক্ষ নয়, জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং খনি শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টাতেই আটকে পড়া কর্মীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য আরও নজরদারির দাবি জানিয়েছেন তিনি।

১২ জন শ্রমিককে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হলেও এই ঘটনা খনির ভিতরে কাজের নিরাপত্তা এবং বিপর্যয়ের সময় দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।


Share