Political Chaos

চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা, জাতিগত অপমানের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা মজিবুর রহমান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠছিল মজিবুর রহমানের বিরুদ্ধে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ
  • শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১১:২০

সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা এবং এক গৃহবধূকে জাতিগতভাবে অপমান করার অভিযোগে গ্রেফতার হলেন হেমতাবাদ ব্লকের তৃণমূল সহ-সভাপতি মজিবুর রহমান। শনিবার তাকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠছিল মজিবুর রহমানের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে হেমতাবাদ থানায় ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪০৬ ধারায় মামলা দায়ের হয়।

এ দিকে শুক্রবার হেমতাবাদের এক মহিলাকে জাত তুলে অপমান করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনায় তফশীলি জাতি ও উপজাতি আরও একটি মামলা রুজু করেছে পুলিশ।

ধৃত নেতার স্ত্রী সেলিনা খাতুন উত্তর দিনাজপুর জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ হওয়ায় ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আরও অভিযোগ সামনে আসছে। তবে আতঙ্কের কারণে অনেকেই প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পাচ্ছেন না। তাঁর কথায়, “এই মুহূর্তে দুটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।”

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের দাবি, এই ঘটনা তৃণমূলের অন্দরে দুর্নীতি ও প্রভাবশালী নেতাদের দাপটেরই প্রতিফলন। অন্যদিকে, অভিযোগকারীদের নিরাপত্তা এবং তদন্তের অগ্রগতি নিয়ে নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।


Share