Municipal Affairs

নির্বাচন ছাড়াই চলছিল পুরসভা, পাহাড়ে তৃণমূল আমলের প্রশাসকদের সরিয়ে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের

সোমবার পুর দফতরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক পুরসভার প্রশাসনিক দায়িত্ব সংশ্লিষ্ট মহকুমা শাসকদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

ভেঙে দেওয়া হল পুরসভার প্রশাসনিক বোর্ড
নিজস্ব সংবাদদাতা, কার্শিয়াং
  • শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৫:১৩

রাজ্যে সরকার পরিবর্তনের পর এ বার পাহাড়ের তিনটি পুরসভার প্রশাসনিক বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। সোমবার পুর দফতরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক পুরসভার প্রশাসনিক দায়িত্ব সংশ্লিষ্ট মহকুমা শাসকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার প্রশাসকের দায়িত্বও গঙ্গারামপুরের মহকুমা শাসকের উপর ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর গত সপ্তাহেই সমস্ত পুরসভা থেকে তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেস মনোনীত প্রশাসকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নতুন সরকার। তারই ধারাবাহিকতায় এবার উত্তরবঙ্গের এই চারটি পুরসভায় নতুন প্রশাসনিক ব্যবস্থা কার্যকর করা হল।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক পুরসভার মেয়াদ ২০২২ সালেই শেষ হয়ে গিয়েছিল। তবে নির্বাচন না করিয়ে প্রাক্তন পুর চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে রেখে পুরসভাগুলি পরিচালনা করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত প্রশাসনিক ব্যবস্থার সুযোগে একাধিক অনিয়ম ও বেআইনি কাজ হয়েছে। বিশেষ করে পানীয় জল প্রকল্পের জন্য বিপুল অর্থ বরাদ্দ হলেও বাস্তবে কাজের অগ্রগতি হয়নি বলেই অভিযোগ উঠেছে।

রাজ্যে সরকার বদলের পর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা আশঙ্কা প্রকাশ করেন, পুরসভাগুলির গুরুত্বপূর্ণ নথি লোপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান। এরপরই পুর দপ্তর এই সিদ্ধান্ত কার্যকর করে।

সাংসদ রাজু বিস্তা জানান, ২০২২ সাল থেকে কোনও নির্বাচন ছাড়াই এই পুরসভাগুলি পরিচালিত হচ্ছিল, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তাঁর দাবি, জল সরবরাহ, স্যানিটেশন, রাস্তার আলো, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য পরিষেবার মতো অত্যাবশ্যক নাগরিক পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, সেই কারণেই প্রশাসনিক দায়িত্ব আমলাদের হাতে দেওয়া হয়েছে।

এ দিকে, খুব শিগগিরই ওই পুরসভাগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি।


Share