Indian National Congress

মেখলিগঞ্জে তৃণমূলে ভাঙন! পুরপ্রধান-সহ ছয় কাউন্সিলরের কংগ্রেসে যোগ, পুরসভা হাতছাড়া ঘাসফুলের

এর মধ্যে পুরপ্রধান-সহ ছয় জন কংগ্রেসে যোগ দেওয়ায় এখন কংগ্রেসই সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়েছে। তবে এক তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, তিনি দলেই থাকবেন।

তৃণমূল ছেড়ে কংগ্রেস যোগদান
নিজস্ব সংবাদদাতা, মেখলিগঞ্জ
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৩:১৪

মেখলিগঞ্জ পুরসভায় বড় ধাক্কা খেল তৃণমূল। কোচবিহার জেলার এই পুরসভার পুরপ্রধান প্রভাত পাটনি দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে আরও পাঁচ জন তৃণমূল কাউন্সিলরও হাত শিবিরে নাম লেখানোয় পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল তৃণমূল।

নয় সদস্যের মেখলিগঞ্জ পুরসভায় আগে আট জন কাউন্সিলর ছিলেন তৃণমূলের এবং একজন বিজেপির। এর মধ্যে পুরপ্রধান-সহ ছয় জন কংগ্রেসে যোগ দেওয়ায় এখন কংগ্রেসই সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়েছে। তবে এক তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, তিনি দলেই থাকবেন।

দলবদলের পর প্রভাত পাটনি বলেন, তৃণমূলে থেকে আর কাজ করা সম্ভব হচ্ছিল না। তাঁর অভিযোগ, দলের অভ্যন্তরীণ কোন্দলে উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছিল। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি করেন। পাশাপাশি বিজেপি সরকারের বিভিন্ন নীতিরও সমালোচনা করে তিনি জানান, সাধারণ মানুষের স্বার্থরক্ষায় আগামী দিনে কংগ্রেসের নেতৃত্বেই আন্দোলন গড়ে তোলা হবে।

প্রভাত আরও দাবি করেন, দল ছাড়ার আগে তৃণমূল নেতৃত্বের সঙ্গে কোনও আলোচনা হয়নি। তাঁর অভিযোগ, জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগের অভাব রয়েছে এবং তাঁরা আলোচনার অবস্থায়ও নেই।

ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের কোচবিহার জেলা সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। তিনি জানান, রাজ্যে ক্ষমতা হারানোর পর অনেকেই দল ছাড়ছেন, তবে দলের দুঃসময়ে নেতাকর্মীদের আরও কিছুটা সময় দেওয়া উচিত ছিল।

অন্য দিকে, মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিরাম রায় বলেন, বিজেপির পক্ষ থেকে কাউকে কোনও চাপ বা হুমকি দেওয়া হয়নি। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি মনে করেন দল বদল করলে অতীতের দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পাওয়া যাবে, তবে তা ভুল ধারণা।


Share    

INC