Jyotirmoy Singha Mahato

পুরুলিয়ায় সাংসদকে ‘খুনের সুপারি’! জ্যোতির্ময় সিংহ মাহাতোকে হত্যায় ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে পোস্টার

তাঁর দাবি, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এর পিছনে চরমপন্থী বা নকশালপন্থী সংগঠনের যোগ থাকতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো।
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৩:৩৯

পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কোটশিলা থানা এলাকার বিভিন্ন স্থানে উদ্ধার হয়েছে ওই পোস্টার। সেখানে সাংসদকে হত্যা করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

পোস্টারে রাজ্য সরকারের তথাকথিত ‘বুলডোজার অপারেশন’-এর প্রসঙ্গ তুলে সাংসদকে নিশানা করা হয়েছে। ঘটনার পর মঙ্গলবার পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন জ্যোতির্ময় সিংহ মাহাতো। তাঁর দাবি, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এর পিছনে চরমপন্থী বা নকশালপন্থী সংগঠনের যোগ থাকতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, একসময় পুরুলিয়া মাওবাদী কার্যকলাপের জন্য পরিচিত ছিল। যদিও বর্তমানে জেলায় মাওবাদীদের সক্রিয় উপস্থিতির কোনও তথ্য নেই। উদ্ধার হওয়া পোস্টারটি সাদা কাগজে নীল কালিতে লেখা। সাধারণত সিপিআই (মাওবাদী)-র পোস্টার সাদা কাগজে লাল কালিতে লেখা হয় এবং তাতে সংগঠনের নামও উল্লেখ থাকে। কিন্তু এই পোস্টারে কোনও সংগঠনের নাম নেই।

মানভুঁইয়া ভাষায় লেখা পোস্টারে দাবি করা হয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের জীবনে শান্তি নেই এবং ঘর ভাঙার ঘটনার জন্য সাংসদকে দায়ী করা হয়েছে। পোস্টারে মাঝিডি ও খৈরি মোড় এলাকার নামও উল্লেখ রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, ঘর ভাঙা চলতে থাকলে তার পরিণতি ভয়াবহ হবে। পোস্টারের শেষ লাইনে লেখা হয়েছে, ”জ্যোতির্ময়কে মারতে পারলে এক লাখ টাকা দেওয়া হবে।”

সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো বলেন, “পুলিশের কাছে অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।” পুলিশ সুপারের কাছে পাঠানো অভিযোগপত্রে সাংসদ উল্লেখ করেছেন, পোস্টারের ভাষা ও বিষয়বস্তু অতীতে জঙ্গলমহলে ভয় ও অস্থিরতা তৈরির চেষ্টা করা চরমপন্থী ও নকশালপন্থী গোষ্ঠীগুলির প্রচারপত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। জঙ্গলমহলের সংবেদনশীল অতীতের কথা মাথায় রেখে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আবেদন জানিয়েছেন তিনি।

অভিযোগপত্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তাঁর উপর হামলার ঘটনাও উল্লেখ করেছেন সাংসদ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই ধরনের হুমকিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। কোনও চরমপন্থী বা মাওবাদী সংগঠন এলাকায় পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে কি না, তাও তদন্ত করে দেখার আর্জি জানিয়েছেন তিনি।


Share