Political Clash

পঞ্চায়েত অফিসেই জ্বলল সরকারি নথি! দুর্নীতির প্রমাণ লোপাটের অভিযোগে তোলপাড় গঙ্গারামপুর

তাঁদের দাবি, অফিসে ঢুকেই তাঁরা দেখতে পান একটি স্থানে বিপুল পরিমাণ কাগজপত্রে আগুন জ্বলছে। ওই কাগজের মধ্যে জব কার্ড-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের নথি ও আবেদনপত্র ছিল বলে অভিযোগ তাঁদের।

গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর
  • শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১১:০৩

নথি ও সরকারি প্রকল্পের ফর্মে আগুন লাগানোর অভিযোগ। বুধবার এমনই চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলেছে বিজেপি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার সকালে রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ সংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে পঞ্চায়েত অফিসে যান বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সদস্য আমিনুল হক ও স্থানীয় বিজেপি নেতা নিত্য সাহা। তাঁদের দাবি, অফিসে ঢুকেই তাঁরা দেখতে পান একটি স্থানে বিপুল পরিমাণ কাগজপত্রে আগুন জ্বলছে। ওই কাগজের মধ্যে জব কার্ড-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের নথি ও আবেদনপত্র ছিল বলে অভিযোগ তাঁদের।

বিজেপি নেতৃত্বের দাবি, বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তথ্য আড়াল করতেই পরিকল্পিতভাবে এই নথিপত্র পুড়িয়ে ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বস্তাভর্তি আংশিক পোড়া ফর্মও উদ্ধার করেন তাঁরা। আমিনুল হকের অভিযোগ, “পঞ্চায়েত প্রধানের নেতৃত্বেই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে সব সত্য সামনে আসবে।”

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোশনেয়ারা বিবি। তাঁর বক্তব্য, “চক্রান্ত করে কে বা কারা পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে নথিপত্রে আগুন লাগিয়েছে। এর সঙ্গে আমার কোনো যোগ নেই।”

ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। উদ্ধার হওয়া নথিপত্র বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত প্রধানের কাছ থেকেও লিখিত বয়ান সংগ্রহ করা হয়েছে। পুলিশ ও ব্লক প্রশাসন জানিয়েছে, তদন্তে যে তথ্য সামনে আসবে তার ভিত্তিতেই প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ করা হবে।

এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এবং স্থানীয় মহলে বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে।


Share