Special Intensive Rivision

এসআইআর ফর্মে ভুয়ো বাবার নাম, পানিশালায় তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এনুমারেশন ফর্মে ভুয়ো পরিচয়ের অভিযোগে ফের রাজনৈতিক বিতর্ক। শিলিগুড়ির পর এবার কোচবিহারেও তৃণমূল নেতার বিরুদ্ধে অন্যের বাবার নাম ও এপিক নম্বর ব্যবহারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য।

এই এনিউমারেশন ফর্মকে কেন্দ্র করে বিতর্ক
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০২:০৮

এনুমারেশন ফর্ম পূরণে ভুয়ো পরিচয়ের অভিযোগে আরও এক রাজনৈতিক নেতার নাম উঠে এল। এর আগে শিলিগুড়ির মাটিগাড়া–২ ব্লকে এক বিজেপি নেতার বিরুদ্ধে অন্যের ঠাকুরদাকে নিজের বাবা বলে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার একই ধরনের অভিযোগ উঠল কোচবিহার–১ ব্লকের এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে।

অভিযোগের কেন্দ্রবিন্দু পানিশালা গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি পরেশ রাজভর। অভিযোগকারী মহাদেব রাজভর, যিনি জিরানপুরের টোনামারি এলাকার বাসিন্দা। তাঁর দাবি, এসআইআর ফর্ম পূরণের সময় পরেশ রাজভর মহাদেবের মৃত পিতা রামপতি রাজভরকে নিজের বাবা হিসেবে দেখিয়েছেন।

এই অভিযোগ সামনে আসতেই কোচবিহার–১ ব্লকের বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মহাদেব। অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, তাঁরা পাঁচ ভাই এবং তাঁদের পিতা রামপতি রাজভরের এপিক নম্বর WB/01/008/354892। অথচ পরেশ নিজের এসআইআর ফর্মে বাবার নাম হিসেবে রামপতির নাম ও সংশ্লিষ্ট এপিক নম্বর ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ ভুয়ো তথ্য।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পরেশ রাজভর। তাঁর দাবি, তাঁর বাবার নামও রামপতি এবং সেই কারণেই তিনি ফর্মে ওই নাম ও এপিক নম্বর উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘কে কী অভিযোগ করেছেন তা আমার জানা নেই। তা আমার দেখারও বিষয় নয়। আমার ভোটার কার্ড আজকে তৈরি হয়নি, বহু বছর আগেই তৈরি হয়েছে।’’

উল্লেখ্য, এর আগে শিলিগুড়ির মাটিগাড়া–২ ব্লকে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির দায়িত্বে থাকা খগেশ্বরের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে। গত ১৩ নভেম্বর তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অন্যের ঠাকুরদাকে নিজের বাবা হিসেবে পরিচয় দিয়ে নথি পূরণ করেছিলেন। 


Share