Mamata Banerjee

২৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা, প্রধানমন্ত্রীর পাল্টা সভা করবেন তিনি, একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস সেখান থেকেই

মঞ্চ থেকে ১৬ লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী। ১৬ লক্ষ পরিবারকে যে তাঁর সরকার বাড়ি বানানোর টাকা দেবে, সেই ঘোষণা আগেই হয়েছে। এর ফলে ৬০ থেকে ৮০ লক্ষ মানুষ মাথার ওপর পাকা ছাদ পাবেন।

সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৫:৫০

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে হুগলির সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে জনসভা করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এ বার সেখানেই সভার করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা করার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

নবান্ন সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ জানুয়ারি, বুধবার হুগলির সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। সেখানে একটি প্রশাসনিক সভা করতে পারেন তিনি।জেলা প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই দুই থেকে তিনটি স্থান চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার সকালে নবান্ন হোটেলের কাছে একটি জায়গা পরিদর্শনে যান জেলা পুলিশের কর্তারা। প্রশাসনের তরফে স্থান চূড়ান্ত হওয়ার পরেই প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ওই প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকে ১৬ লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী। ১৬ লক্ষ পরিবারকে যে তাঁর সরকার বাড়ি বানানোর টাকা দেবে, সেই ঘোষণা আগেই হয়েছে। এর ফলে ৬০ থেকে ৮০ লক্ষ মানুষ মাথার ওপর পাকা ছাদ পাবেন। এর জন্য রাজ্য সরকারের খরচ হবে প্রায় ১৯ হাজার কোটিরও কিছু বেশি টাকা। ১৬ লক্ষ পরিবার বাড়ি বানাতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন।

গত রবিবার হুগলির সিঙ্গুরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ২মোদী। তার পরেই সেখানে বিজেপির জনসভায় যোগ দেন। সেখান থেকে তৃণমূলকে একের পর এক আক্রমণ শানান। রাজ‍্যে শিল্পে বিনিয়োগ ফিরিয়ে আনার প্রশ্নে আইনশৃঙ্খলা পরিবেশকে ফিরিয়ে আনার পক্ষে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এখানে কলেজে ধর্ষণ এবং হিংসায় লাগাম টানতে বিজেপিকে ক্ষমতায় আনা দরকার। আপনার একটি ভোটই নিশ্চিত করবে এ রাজ্যে সন্দেশখালির মতো ঘটনা আর হবে না। আপনার ভোটই নিশ্চিত করবে যে, আগামী দিনে ফের কখনও হাজার হাজার শিক্ষক নিজেদের চাকরি হারাবেন না।” এর পরেই তিনি বলেন যে রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক হলে তবেই বিনিয়োগ আসবে। তিনি বলেন, “এখানে মাফিয়াদের ছাড় দিয়ে রাখা হয়েছে। এখানে সব কিছুতে সিন্ডিকেট ট্যাক্স বসিয়ে রাখা হয়েছে। এই সিন্ডিকেট ট্যাক্স এবং মাফিয়াবাদকে বিজেপিই শেষ করবে। এটাই মোদীর গ্যারান্টি।” এ বার সেখানেই পাল্টা সভা করতে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Share