Special Intensive Revision

বিএলও-দের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর করতে পারবেন সিইও, নির্দেশ মানতে হবে ডিইওদের, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন

দু’পাতার চিঠিতে নির্বাচন কমিশন আরও বলেছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা যা নির্দেশ দেবেন, তা ডিইও-দের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সিইও-র অনুমতি ছাড়া এই ধরণের শাস্তিমূলক পদক্ষেপের নিষ্পত্তি করা যাবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১২:৪১

এ বার বিএলওদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর দায়ের করতে পারবে নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিক বা ইআরওদের রিপোর্টের ভিত্তিতে বিএলওর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিতে পারবেন রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বিএলওরা ঠিক মতো কাজ না করলে কী কী শাস্তিমূলক পদক্ষেপ করা যেতে পারে তা বিস্তারিত জানিয়েছে দিল নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ চলছে। সবকটি রাজ্যের সিইওদের নির্বাচন কমিশন দু’পাতার চিঠিতে জানিয়েছে, কাজে গাফিলতি, দায়িত্ব ঠিকমতো পালন না-করা, কমিশনের নির্দেশ অমান্য করা, আইন বা নিয়ম ভাঙা এবং ভোটার তালিকার স্বচ্ছতা বা বিশ্বাসযোগ্যতা নষ্ট করলে বিএলও-দের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

কমিশন জানিয়েছে, এই ধরণের অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিককে সাসপেন্ড (নিলম্বিত) করবেন জেলা নির্বাচনী আধিকারিক। তার পরে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ওই বিএলও-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করবেন। সেই সুপারিশ দ্রুত কার্যকর করতে হবে। সেই বিভাগীয় তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে।

নির্বাচন কমিশন চিঠিতে এ-ও জানিয়েছে, সংশ্লিষ্ট বিএলও-র বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ফৌজদারি অপরাধমূলক হয়, তাহলে সিইও-র অনুমতি নিয়ে এফআইআর দায়ের করতে পারবেন ডিইও নিজেই। এ ছাড়াও, সিইও নিজেই স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর করতে পারবেন। ডিইও বা ইআরও-রা যে রিপোর্ট পাঠাবেন, তার ভিত্তিতেও সিইও অভিযুক্ত বিএলও-কে সাসপেন্ড করতে পারবেন, সংশ্লিষ্ট বিভাগের কাছে ওই বিএলও-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে পারবেন বলেও নির্দেশিকায় স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

দু’পাতার চিঠিতে নির্বাচন কমিশন আরও বলেছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা যা নির্দেশ দেবেন, তা ডিইও-দের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সিইও-র অনুমতি ছাড়া এই ধরণের শাস্তিমূলক পদক্ষেপের নিষ্পত্তি করা যাবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।


Share