Mamata Banerjee

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি মানুষকে অপমান করছে, দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সামনেই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের

এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকেও আক্রমণ করে বলেন, “রায়দানের আগে সাংবাদমাধ‍্যমের বিচার করার অধিকার নেই। বর্তমানে এটা অভ‍্যাস হয়ে গিয়েছে। মানুষকে তারা অপমান করছে।” তৃণমূলের দলীয় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন মুখ‍্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:২২

নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবন উদ্বোধনের অনুষ্ঠান। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সামনেই রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করলেন। এ ছাড়াও, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

শনিবার শিলিগুড়িতে কলকাতা হাই কোর্টে সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির একযোগে আক্রমণ করেন। 

তাঁর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ইচ্ছাকৃত ভাবে মানুষকে অপমান করছে। তা বন্ধ করা উচিত। মুখ্যমন্ত্রী বলেন, “অনেক কেন্দ্রীয় সংস্থা রয়েছে। তাঁরা ইচ্ছে করে মানুষকে অপমান করছে।” এর পরেই মমতা বলেন, “আমি আমার জন‍্য বলছি না। আমি মানুষের কথা বলছি। আমি বলছি, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সংবিধানকে রক্ষা করতে হবে। বিচার ব‍্যাবস্থাকে রক্ষা করতে হবে।”

উল্লেখ্য, গত কয়েক দিন আগে কয়লা পাচার কাণ্ডে আর্থিক দুর্নীতির তদন্তে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেক সেক্টর ফাইভের দফতরে তল্লাশি অভিযান চালায় ইডি। দুটি ক্ষেত্রেই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে ভেতরে ঢুকে পড়েন। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী অপরাধ সংক্রান্ত ফাইল চুরি করে নিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, নির্বাচনের আগে ইডি তাঁদের রণকৌশল চুরি করেছে।

পরের দিন যাদবপুরের ৮বি থেকে হাজরা পর্যন্ত ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে মিছিল করে তৃণমূল। সেই মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কেন্দ্রীয় সংস্থাগুলিকে আক্রমণ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কয়লা পাচারের টাকা পৌঁছেছে বলেও অভিযোগ করেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

শনিবার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ওই মঞ্চ থেকে সরব হয়েছেন। রাজ্যে নিম্ন আদালতে কী কী কাজ করেছেন, তার খতিয়ান তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “সরকারের টাকা বন্ধ করে দিয়েছে। তা-ও আমি কাজ করেছি।“ এ ছাড়াও, সংবিধান বিপন্ন হয়েছে বলেও দেশের প্রধান বিচারপতির সামনে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মমতা বলেন, “আমাদের সংবিধানকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হবে। গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতেই হবে। আমাদের সুরক্ষা, ইতিহাস, ভূগোল, সীমান্ত বিপর্যয়ের হাত থেকে বাঁচতে হবে।” 

এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকেও আক্রমণ করে বলেন, “রায়দানের আগে সাংবাদমাধ‍্যমের বিচার করার অধিকার নেই। বর্তমানে এটা অভ‍্যাস হয়ে গিয়েছে। মানুষকে তারা অপমান করছে।” তৃণমূলের দলীয় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন মুখ‍্যমন্ত্রী।


Share