Udayan Guha

গ্রেফতারের পরেই মুখ খুললেন একদা ঘনিষ্ঠ সহযোগী! উদয়ন গুহর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তোলপাড় দিনহাটার রাজনীতি

বিজয় সাহার অভিযোগ, দিনহাটা পুরসভার মাধ্যমে সরকারি আবাসনের জন্য আবেদন করার সময় তাঁকে ওই টাকা দিতে বাধ্য করা হয়। ভয় এবং রাজনৈতিক চাপের কারণে এতদিন তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৮:৩৬

প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে নতুন করে গুরুতর অভিযোগ সামনে আনলেন একসময়ের ঘনিষ্ঠ সহযোগী বিজয় সাহা ওরফে চাঁদনী। বৃহস্পতিবার দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তিনি দাবি করেন, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তাঁর কাছ থেকে অতিরিক্ত ২০ হাজার টাকা নেওয়া হয়েছিল।

বিজয় সাহার অভিযোগ, দিনহাটা পুরসভার মাধ্যমে সরকারি আবাসনের জন্য আবেদন করার সময় তাঁকে ওই টাকা দিতে বাধ্য করা হয়। ভয় এবং রাজনৈতিক চাপের কারণে এতদিন তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি বলেও অভিযোগে উল্লেখ করেছেন। তবে উদয়ন গুহ আইনি জটিলতায় জড়ানোর পর তিনি পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ দিকে, সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছিলেন বিজয় সাহা। সেই প্রসঙ্গে তিনি দাবি করেন, উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহর নির্দেশ ও চাপেই তাঁকে ওই ভিডিয়ো তৈরি করতে হয়েছিল। তাঁর বক্তব্য, প্রাক্তন মন্ত্রী এবং তাঁর পরিবারের প্রভাবের কারণেই দীর্ঘদিন নানা কাজ করতে বাধ্য হয়েছেন তিনি।

উদয়ন গুহর গ্রেফতারের পর তাঁর ঘনিষ্ঠ মহলের এক ব্যক্তির এমন অভিযোগ সামনে আসায় দিনহাটার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।


Share