Middle East Conflict

ইরান আমেরিকা যুদ্ধ আবহে প্রথম থেকেই সতর্ক ভারত, রবিবার রাতেই জরুরী বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারত অভ্যন্তরীণ জ্বালানি-চাহিদা পূরণে ৮০ শতাংশ তেল অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকে। পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে তেল কেনে ভারত। এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছে নয়াদিল্লি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৯:১২

ইরান-আমেরিকা যুদ্ধের আবহে প্রথম থেকেই সতর্ক ভারত। রবিবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি)-র বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।

দু’দিনের সফরে গুজরাত, রাজস্থান, পুদুচেরি, তামিলনাড়ু সফর সেরে রবিবার রাতেই দিল্লি ফিরছেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ৯টায় দিল্লিতে তাঁর বিমান অবতরণ করার কথা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দিল্লিতে ফিরেই মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকে যোগ দেবেন মোদী।

সূত্রের দাবি, রবিবার রাতের বৈঠকে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে কোনও পরিকল্পনা চূড়ান্ত হতে পারে। ইরান এবং ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলভাগ হরমুজ় প্রণালীর নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন নয়াদিল্লি। বিশ্বের মোট রফতানিযোগ্য এক-পঞ্চমাংশ তেল এই পথ ধরেই রফতানি করা হয়। আর যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান।

তা ছাড়া, ভারত অভ্যন্তরীণ জ্বালানি-চাহিদা পূরণে ৮০ শতাংশ তেল অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকে। পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে তেল কেনে ভারত। এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে বিকল্প উপায় নিয়েও রবিবার রাতের বৈঠকে আলোচনা হতে পারে।


Share