Supreme Court

আধার-পাসপোর্ট থাকলেও বাদ নাম! ট্রাইবুনালের উপরই ভরসা রাখল শীর্ষ আদালত

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানায়, ‘এই ব্যাপারে ট্রাইবুনালই সিদ্ধান্ত নেবে। আমরা এই নিয়ে কিছু বলব না।’

সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৮:১৮

ভোটার তালিকা ইতিমধ্যেই ফ্রিজ হয়ে গিয়েছে। এর মধ্যেই এসআইআর প্রক্রিয়ায় ৯০ লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। বাদ পড়া ভোটারদের একাংশ ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছেন। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তালিকা ফ্রিজের তারিখ নিয়ে কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, বরং বিষয়টি ট্রাইবুনালের উপরই ছেড়ে দিল।

আধার কার্ড ও পাসপোর্ট থাকা সত্ত্বেও যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের একাংশ আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, এটি রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে কোনও বিরোধ নয়, কিংবা দোষারোপের বিষয়ও নয়। বরং দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝে পড়ে সাধারণ ভোটাররাই কার্যত সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানায়, ‘এই ব্যাপারে ট্রাইবুনালই সিদ্ধান্ত নেবে। আমরা এই নিয়ে কিছু বলব না।’ আদালত আরও জানায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, এ দিন থেকেই ট্রাইবুনাল পূর্ণ মাত্রায় কাজ শুরু করবে। ফলে এই সংক্রান্ত বিষয় ট্রাইবুনালেই জানাতে হবে নির্বাচন কমিশনকে।

এর আগে নির্বাচন কমিশন আদালতে জানিয়েছিল, ৯ এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ় করার দিন নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী তালিকাও চূড়ান্ত করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে যান এমন কিছু ভোটার, যাঁদের বৈধ নথি থাকা সত্ত্বেও নাম বাদ পড়েছে। তাঁদের দাবি, তাঁদের নাম পুনরায় তালিকাভুক্ত করা হোক। এই মর্মে গত শুক্রবার সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করা হয়। তবে সোমবারের শুনানিতে এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। এসআইআর সংক্রান্ত মূল মামলার শুনানি এখনও সুপ্রিম কোর্টে চলছে।


Share