Road Accident

কেন্দ্রীয় বাহিনীর গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ! ঘটনায় গুরুতর জখম চার জওয়ান

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে স্করপিওটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে। ফলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতরেই আটকে পড়েন। দুর্ঘটনার সময়ে গুড়াপ থানার একটি দল টহল দিচ্ছিল ওই এলাকায়।

কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০১:৪৩

লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা কেন্দ্রীয় বাহিনীর গাড়ির। গুরুতর জখম চারজন জওয়ান। হুগলির গুড়াপ থানা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছোয় গুড়াপ থানার পুলিশ। তারাই সকলকে উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, আইটিবিপি-র একটি দল স্করপিও করে বীরভূমের মোড়গ্রামে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে এক মেডিকেল অফিসার, এক সিনিয়র কমান্ড্যান্ট এবং এক নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁরা প্রথমে গুজরাট থেকে ট্রেনে পূর্ব মেদিনীপুরের কাঁথি স্টেশনে আসেন। তার পর সেখান থেকে গাড়িতে মোড়গ্রামের দিকে রওনা দেন। তাঁদের স্করপিও গাড়িটি গুড়াপ ১৯ নম্বর জাতীয় সড়কে পৌঁছোতেই বিপত্তি ঘটে।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে স্করপিওটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে। ফলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতরেই আটকে পড়েন। দুর্ঘটনার সময়ে গুড়াপ থানার একটি দল টহল দিচ্ছিল ওই এলাকায়। বিকট শব্দ শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। তারাই জওয়ানদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পরেই লরি নিয়ে চম্পট দেয় চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ।


Share