Amit Shah

রাজ‍্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বীরভূমে জোড়া জনসভা করবেন, পশ্চিম বর্ধমানে হবে রোড শো

সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন। তার পর সীমান্তরক্ষী বাহিনীর হেলিকপ্টারে করে বীরভূম চলে যাবেন। সেখানে বোলপুরের পল্লী মঙ্গল ক্লাবের মাঠে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন।

বীরভূম এবং পশ্চিম বর্ধমানে একাধিক কর্মসূচি করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১১:৩৫

সোমবার সকালে রাজ‍্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির নির্বাচনী প্রচারের জ‍ন‍্য তিনি আসছেন। বীরভূমে জোড়া জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিম বর্ধমানে একটি মেগা রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন। তার পর সীমান্তরক্ষী বাহিনীর হেলিকপ্টারে করে বীরভূম চলে যাবেন। সেখানে বোলপুরের পল্লী মঙ্গল ক্লাবের মাঠে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। সকাল সাড়ে ১১টা থেকে সেই জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। এর পরেই তিনি বোলপুর থেকে খয়েরাশোলের উদ্দেশ্যে রওনা দেবেন। খয়েরাশোলের ফুটবল মাঠে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই জনসভাটি শুরু হওয়ার কথা রয়েছে ১২টা ৪৫ মিনিট নাগাদ।

এর পরে তিনি চলে আসবেন পশ্চিম বর্ধমানে। দুর্গাপুর শহরে জোড়া কর্মসূচি রয়েছে অমিত শাহের। দুপুর ২টো নাগাদ খন্দ ফুটবল ময়দানে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। এর পরে সেখান থেকে রাজেন্দ্র প্রসাদ অ‍্যাভেনিউ আসবেন। সেখানে একটি রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বীরভূম এবং পশ্চিম বর্ধমানের জনসভা এবং রোড শো করা রাজনৈতিক ভাবে অত‍্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন‍্য দিকে, বীরভূমের সিউড়িতে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে তিনি জনসভা করবেন। সাড়ে ১১টা থেকে মুখ্যমন্ত্রী মমতার জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের দুই তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার এবং কবি দত্তের সমর্থনে চতুরঙ্গ ময়দানে মুখ্যমন্ত্রী জনসভা করবেন। তার আগে আউশগ্রাম ও গলসি পরে বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Share