Road Accident

বিয়েবাড়ি থেকে ফেরার পথে উত্তরপ্রদেশে ট্রাক-বাস সংঘর্ষ, প্রাণ গেল ছয় জনের, গুরুতর জখম সাত জন

ঘটনার পর ট্রাকচালক পলাতক। পুলিশ তাঁকে খুঁজছে। পুলিশ দুর্ঘটনার তদন্তও শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তরপ্রদেশ
  • শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৮:২০

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনা। দুর্ঘটনায় অন্তত ছয় জনের প্রাণ গেল। গুরুতর জখম আরও সাত জন। রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের হাপুর জেলার ধৌলনা-গুলাউটি সড়কে ঘটনাটি ঘটে। পণ্যবাহী ট্রাক ও যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি বরযাত্রীদের নিয়ে ফিরছিল। মোট ১২ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা ছয় জনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে। যদিও এখনও পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ট্রাকটি সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। একই সঙ্গে পুরো ঘটনার তদন্তও শুরু হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিহারের কাটিহার জেলায় একই ধরনের এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ১০ জন। ১১ এপ্রিল গেরাবাড়ি এলাকায় জাতীয় সড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছিলেন। এই পরপর দুর্ঘটনায় ফের প্রশ্ন উঠছে সড়ক নিরাপত্তা নিয়ে


Share