Murder Case

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন, স্ত্রী-সহ গ্রেফতার পাঁচ জন

তদন্তে উঠে এসেছে, সম্পর্ক নিয়ে দাম্পত্য অশান্তির জেরেই পরিকল্পিতভাবে দুষ্কৃতীদের দিয়ে এই খুন করানো হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ওড়িশা
  • শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০১:২৮

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী-এর পরিকল্পনায় গুলিবিদ্ধ হয়ে খুন স্বামী। ওড়িশার জাজপুরে সংঘটিত হত্যাকাণ্ডে তদন্ত নতুন মোড় নিল। স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী-সহ মোট পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যেই খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। মৃত সৌম্যসাগর তার স্ত্রী শুভশ্রী ওরফে সীমার ওই সম্পর্কের বিরোধিতা করেছিলেন। কিন্তু তাতে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। জাজপুরের গড়িয়াপুর চক এলাকায় সৌম্যসাগরের দোকান। গত ৬ এপ্রিল রাতে তিনি নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই বাইকে করে আসা দুই দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে জাজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কটকের মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। তবে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রায় দেড় বছর আগে সৌম্যসাগরের সঙ্গে শুভশ্রীর বিয়ে হয়। বিয়ের আগে থেকেই দুই ব্যক্তির সঙ্গে শুভশ্রীর সম্পর্ক ছিল বলে অভিযোগ। বিয়ের পরও সেই সম্পর্ক বজায় রাখায় দাম্পত্য কলহ বাড়তে থাকে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একাধিকবার অশান্তি হয়।

পুলিশের দাবি, এই পরিস্থিতির জেরে শুভশ্রী স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী দুষ্কৃতীদের দিয়ে গুলি করে খুন করানো হয়। এই ঘটনায় ইতিমধ্যেই শুভশ্রী- সহ তাপস, প্রীতি, সুরজ সিং ও অঙ্কিত ঠাকুর নামে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।


Share