Weather Update

নববর্ষের আনন্দের মাঝেই গরম ও অস্বস্তির সতর্কবার্তা জারি! সর্বোচ্চ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধি

বুধবার এবং বৃহস্পতিবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।

আদ্রতা ও অস্বস্তি জনিত গরম বজায় থাকবে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১১:৩৫

ক্যালেন্ডার বলছে আগামীকাল নববর্ষ। নতুন বছরের উদযাপনের মেতে উঠবে রাজ্যবাসী। সেই সঙ্গে সূর্যের দাবদাহ বাড়বে। রাজ্যে গরম ও অস্বস্তির সতর্কবার্তা জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 

দক্ষিণবঙ্গে, রবিবার পর্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে। বৃহস্পতিবার থেকে পশ্চিমের কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। কলকাতায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।  পশ্চিমের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি পেরিয়ে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। পয়লা বৈশাখে বৃষ্টির ভ্রুকুটি। বুধবার এবং বৃহস্পতিবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শুক্রবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে।

উত্তরবঙ্গের, উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার চৈত্র সংক্রান্তিতে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। পয়লা বৈশাখ বুধবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে এবং তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দুই-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।উত্তরবঙ্গের নীচের দিকের জেলা-সহ বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

মঙ্গলবার দিনের তাপমাত্রাও স্বাভাবিক বা তার ওপরে উঠতে পারে। আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ, মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। পরে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী তিন-চার দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার বৈশাখে গরম ও অস্বস্তি আরও বাড়বে।


Share