Bhawanipore Incident

ভবানীপুরে বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ, থানা ঘেরাও, বিক্ষোভ হটাতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, জখম চার জন

ভবানীপুর থানার এক পুলিশ আধিকারিকের মদতেই পোস্টার ছেঁড়া হয়েছে। তিনিই দলবল জুটিয়ে বিজেপি নেতা কর্মীদের হেনস্থা করছেন। সূত্রের খবর, ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভবানীপুরে বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০২:২৭

রাতের অন্ধকারে বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত ভবানীপুর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। বিজেপির দাবি, যাঁরা পোস্টার ছিঁড়ছিলেন তাঁদের ধাওয়া করা হয়। তৃণমূলের কর্মীরা ভবানীপুর থানায় ঢুকে যায়। থানার বাইরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলেও অভিযোগ।

স্থানীয় বিজেপি সূত্রের খবর, গতকাল রাতে এক্সাইড মোড় থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া হচ্ছিল। যদুবাবুর বাজার পর্যন্ত যত পোষ্টার ছিল সব ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির নেতা-কর্মীরা। যাঁরা পোস্টার ছিঁড়ছিলেন তাঁদের ধাওয়া করে বিজেপি কর্মীরা। দাবি, পালিয়ে ভবানীপুর থানায় ঢুকে পড়েন। এর পরেই বিজেপির নেতা-কর্মীরা থানা ঘেরাও করেন। রাস্তা অবরোধ করে বিক্ষোভে বসেন। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনায় চার জনের বিজেপি কর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

তাঁদের দাবি, ১০ থেকে ১২ জন মিলে এই কাজ করেছে। যাঁরা এসেছেন তাঁরা তৃণমূলের আইটি সেলের সদস্য। তাঁদের মধ্যে রিয়া দে মল্লিক নামে একজনকে দেখা গিয়েছে। তিনি ডোমজুড়ের চকপাড়া পঞ্চায়েতের তৃণমূল প্রধানের মেয়ে। তাঁরা এ-ও জানিয়েছেন, কেউ ভবানীপুরের বাসিন্দা নন। বাইরে থেকে লোক জুটিয়ে এনে এই কাজ করানো হয়েছে। তৃণমূলের এই দলটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিজেপির পোস্টার ছিঁড়ে বেরায়।

বিজেপি কর্মীদের আরও দাবি, ভবানীপুর থানার এক পুলিশ আধিকারিকের মদতেই পোস্টার ছেঁড়া হয়েছে। তিনিই দলবল জুটিয়ে বিজেপি নেতা কর্মীদের হেনস্থা করছেন। সূত্রের খবর, ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। লালবাজার সূত্রের খবর, ব‍্যক্তিগত বন্ডে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।


Share