Drowning

স্ত্রীর সাধভক্ষণের আনন্দের মাঝেই বিষাদ, গঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ ইউটিউবার স্বামী

সারারাত ভাইরাভাইয়ের সঙ্গে ঘোরাঘুরি ও মদ্যপানের পর শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাটে ভেসেল থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ ইউটিউবার সাগর বিশ্বাস।

গঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ০২:৩০

স্ত্রীর সাধভক্ষণের আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া। সারারাত মদ্যপান করে বাইকে ঘোরাঘুরির পর ভোরবেলা গঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হলেন এক ইউটিউবার। নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাটে দুর্ঘটনাটি ঘটেছে। নিখোঁজ যুবকের নাম সাগর বিশ্বাস।

জানা গিয়েছে, সাগরের শ্বশুরবাড়ি শান্তিপুরের নীলকুঠি এলাকায়। বুধবার তাঁর স্ত্রীর সাধভক্ষণের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষ্যে সাগর শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। পরে রাতে ভাইরাভাই অজয় হালদারের সঙ্গে বুলেট মোটরসাইকেলে বেরিয়ে শান্তিপুরের বিভিন্ন এলাকায় তাঁরা ঘোরাঘুরি করেন। অভিযোগ, সেই সময় দু'জনে মদ্যপানও করেন।

অজয় হালদার জানান, ভোরের দিকে তাঁরা নৃসিংহপুর ফেরিঘাটে চা খেতে যান। সাগর পেশায় ইউটিউবার ছিলেন। ইউটিউবে প্রমোশনাল বিজ্ঞাপনের কাজ করতেন। অজয়ের দাবি, রাত থেকেই সাগরের ফোনে একাধিকবার কল আসছিল। প্রায় ঘণ্টাখানেক ধরে ফোনে কারও সঙ্গে তাঁর তুমুল বাকবিতণ্ডাও হয়। সেই কারণে মানসিকভাবে সাগর অস্থির ছিলেন বলে।

নৃসিংহপুর ঘাটে পৌঁছে বাইক থেকে নামার পরই আচমকা সাগর দৌড়ে গিয়ে ঘাটে দাঁড়িয়ে থাকা একটি ভেসেলে উঠে পড়েন। এরপর মুহূর্তের মধ্যেই সেখান থেকে গঙ্গায় ঝাঁপ দেন। বিষয়টি বুঝতে পেরে তাঁকে বাঁচাতে অজয়ও সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন। সাঁতরে গিয়ে তিনি সাগরের জামার কলার ধরে ফেলেছিলেন। কিন্তু সাগর ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেন। এরপরই তিনি গভীর জলে তলিয়ে যান।

অজয়ের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলেও ততক্ষণে সাগরের কোনও খোঁজ মেলেনি। খবর পেয়ে সাগরের পরিবারের সদস্যরা ও নীলকুঠির শ্বশুরবাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছোন। স্ত্রী যেখানে নতুন জীবনের অপেক্ষায় আনন্দে মেতেছিলেন, সেই বাড়িতেই নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে, নৃসিংহপুর ফেরিঘাটে নিখোঁজ সাগরের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।


Share