Mysterious Death

মাধ্যমিকের প্রস্তুতির মাঝেই নিখোঁজ, পরদিন বাড়ির পাশে মিলল দেহ, মুর্শিদাবাদে নাবালকের রহস্যমৃত্যু

মুর্শিদাবাদের সাগরপাড়া থানার বাজরাপাড়া এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হলো ১৬ বছরের এক নাবালক পড়ুয়ার। সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে বাড়ির পাশে জমি থেকে তার দেহ উদ্ধার হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১০:৪৩

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির মাঝেই এক নাবালক পড়ুয়ার রহস্যজনকভাবে মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বাজরাপাড়া এলাকায়। মৃত কিশোরের বয়স ১৬ বছর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা থেকেই ওই কিশোর নিখোঁজ ছিল। সারারাত ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালালেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে বাড়ির লাগোয়া একটি জমি থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। কিশোরের গলায় ক্ষতচিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সাগরপাড়া থানার পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ডোমকলের এসডিপিও শুভম বাজাজও পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেহে আরও কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মৃত কিশোরের বাবা জানান, সোমবার তাঁর ছেলে নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিল। ফিরে এসে মাকে জানায়, কিছু সময়ের জন্য বাইরে যাচ্ছে। সন্ধ্যা ছ’টার পর বাড়িতে মোবাইল ফোন রেখে সে বেরিয়ে যায়। তারপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের দাবি, কারও সঙ্গে তাদের বা কিশোরের কোনও শত্রুতা ছিল না। তবে পুলিশ খতিয়ে দেখছে, সম্প্রতি স্কুলে কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে কোনও ধরনের বিবাদ বা সমস্যায় জড়িয়েছিল কি না ওই পড়ুয়া। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।

ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Share