Mysterious Death

হাবড়ায় বেসরকারি রিহ্যাব সেন্টারে অস্বাভাবিক মৃত্যু, সিসিটিভি ফুটেজ ঘিরে তীব্র উত্তেজনা, গ্রেফতার সাত জন

পরিবারের অভিযোগ, রহস্যজনক পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে এবং সিসিটিভি ফুটেজে অস্বাভাবিক দৃশ্য ধরা পড়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ রিহ্যাব সেন্টারের সঙ্গে যুক্ত সাতজনকে গ্রেফতার করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাবড়া
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০১:৩৫

হাবড়া থানার বদর হাট এলাকায় একটি বেসরকারি রিহ্যাব সেন্টারে অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম মৃত্যুঞ্জয় দাস (৫৪)। তিনি হাবড়ার বেলঘড়িয়া বাইপাস সংলগ্ন এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, মৃত্যুঞ্জয় দাসকে ওই রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়েছিল। ভর্তির মাত্র দু’দিনের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, রহস্যজনক পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, গত ১৯ তারিখ রাতে তাঁকে ওই বেসরকারি রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়। এরপর ২২ তারিখ দুপুরে রিহ্যাব সেন্টারের তরফে ফোন করে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। দ্রুত তাঁদের হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে পৌঁছাতে বলা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর পরিবার জানতে পারে, তার আগেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের।

অভিযোগ, মৃত্যুর খবর জানার সময় পরিবারের উপর তড়িঘড়ি আধার কার্ড জমা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। পাশাপাশি মৃত্যুর কারণ জানতে চাওয়া হলেও রিহ্যাব সেন্টারের কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে পারেনি। কর্তৃপক্ষের বক্তব্য, সকাল থেকেই মৃত্যুঞ্জয় গ্যাসের সমস্যায় ভুগছিলেন। তবে পরিবারের প্রশ্ন, অবস্থা যদি এতটাই গুরুতর হয়ে থাকে, তাহলে কেন আগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না? ঘটনায় রহস্য আরও বাড়ে রিহ্যাব সেন্টারের সিসিটিভি ফুটেজ সামনে আসার পর। পরিবারের অভিযোগ, সেই ফুটেজে দেখা যায় মৃত্যুঞ্জয়ের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল, মুখে কাপড় গোঁজা এবং গলায় ফাঁস দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।


Share