TMC Political Crisis

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে টানাপড়েন, কমিশনে তিনটি নাম পাঠালেন মমতা, প্রতীকে ফুটবল-ক্রিকেট ব্যাট

সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে ই-মেলের মাধ্যমে কমিশনের কাছে দলের তিনটি বিকল্প নাম এবং দু’টি প্রতীকের প্রস্তাব পাঠানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩১

দলের বিকল্প নাম এবং সম্ভাব্য প্রতীক জানিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠাল কালীঘাট তৃণমূল। সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে ই-মেলের মাধ্যমে কমিশনের কাছে দলের তিনটি বিকল্প নাম এবং দু’টি প্রতীকের প্রস্তাব পাঠানো হয়েছে।

কালীঘাট তৃণমূলের তরফে প্রস্তাবিত তিনটি নাম হল—‘সর্বভারতীয় তৃণমূল মমতা কংগ্রেস’, ‘সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেস’ এবং ‘মমতা তৃণমূল কংগ্রেস’। পাশাপাশি, বিকল্প প্রতীক হিসেবে দু’টি প্রস্তাবও দেওয়া হয়েছে। তার মধ্যে একটি ফুটবল পায়ে এক ফুটবলারের ছবি এবং অন্যটি ক্রিকেট ব্যাট। তবে এখনও পর্যন্ত প্রস্তাবিত কোনও নাম বা প্রতীকেই নির্বাচন কমিশনের অনুমোদন মেলেনি। কমিশনের সিদ্ধান্তের পরেই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে।

কালীঘাট তৃণমূল সূত্রের দাবি, দলের সাংগঠনিক পরিস্থিতি ফের চাঙ্গা করার লক্ষ্যে এই উদ্যোগ। খেলাধুলার সঙ্গে যুক্ত প্রতীককে সামনে রেখে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করার বার্তাও দেওয়া হতে পারে। যদিও প্রস্তাবিত নাম ও প্রতীক নিয়ে কালীঘাট তৃণমূল কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

কালীঘাট ও ঋতব্রত শিবিরের দ্বন্দ্বের মধ্যেই নির্বাচন কমিশন  বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী নির্দেশ জারি করল। আপাতত কমিশন ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং দলের নির্বাচনী প্রতীক ‘জোড়াফুল’ ‘ফ্রিজ’ করার সিদ্ধান্ত জানিয়েছে। অর্থাৎ, দলের নাম ও প্রতীক আপাতত কোনও গোষ্ঠীকেই ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না। দলের মালিকানা, নেতৃত্ব এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক কমিশনের কাছেই সংরক্ষিত থাকবে।

আগামী ৬ অক্টোবর রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগর—এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যেই দুই শিবিরই ওই দুই কেন্দ্রে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। কিন্তু দলের নাম ও প্রতীক নিয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায়, উপনির্বাচনে তৃণমূলের কোন শিবির ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার করতে পারবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন দুই গোষ্ঠীকেই বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার মধ্যে কালীঘাট এবং ঋতব্রত শিবিরকে নিজেদের বিকল্প দলের নাম এবং নির্বাচনী প্রতীক জানাতে বলা হয়েছে। ফলে উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


Share