TMC Political Crisis

মমতা পেলেন ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক, দুই শিবিরের চিহ্ন চূড়ান্ত করল নির্বাচন কমিশন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে নাম দেওয়া হল— ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। তাঁরা ‘খাম’ চিহ্ন নিয়ে আসন্ন বিধানসভা উপনির্বাচনে লড়াই করবেন। অন‍্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে নাম দেওয়া হল— ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক নিয়ে লড়াই করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪২

‘সাময়িক’ প্রতীক চূড়ান্ত করে দিল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন ‘ফুটবল খেলোয়াড়’ চিহ্নে। অন‍্য দিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী পেলেন ‘খাম’ চিহ্ন। এই প্রতীক নিয়েই তাঁদের প্রার্থীদের আসন্ন বিধানসভা উপনির্বাচনে লড়াই করতে হবে।

আগামী ৬ অক্টোবর রেজিনগর এবং নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। তার মাঝেই তৃণমূলের ‘জোড়া ফুল’ প্রতীক ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন। তার পরেই দু’পক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিপাকে পড়ে। উপনির্বাচনের আগে এমন টানাপড়েনের মাঝে ‘ফ্রিজ’ করা ছাড়া আপাতত কোনও উপায় ছিল না কমিশনের কাছে। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দিয়ে দিল নির্বাচন কমিশন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে নাম দেওয়া হল— ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। তাঁরা ‘খাম’ চিহ্ন নিয়ে আসন্ন বিধানসভা উপনির্বাচনে লড়াই করবেন। অন‍্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে নাম দেওয়া হল— ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক নিয়ে লড়াই করবেন।

মমতা তাঁর দলের তিনটি বিকল্প নাম এবং দু’টি প্রতীক কমিশনের কাছে প্রস্তাব আকারে পাঠিয়েছিলেন। প্রস্তাবিত নামগুলি ছিল— সর্বভারতীয় তৃণমূল মমতা কংগ্রেস, সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেস এব‌ং মমতা তৃণমূল কংগ্রেস। প্রতীক হিসেবে মমতা বেছে নিয়েছিলেন ‘ফুটবল পায়ে ফুটবলার’ এবং ‘ক্রিকেট ব্যাট’। প্রথমটিতেই সায় দিয়েছে কমিশন।

ঋতব্রতদের তরফে তিনটি নাম এবং তিনটি প্রতীকের প্রস্তাব কমিশনে পাঠানো হয়। নামগুলি ছিল— জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় নামটি তাদের দেওয়া হয়েছে। এ ছাড়া, প্রতীক হিসেবে খাম, ব্ল্যাকবোর্ড এবং টর্চের প্রস্তাব দিয়েছিলেন ঋতব্রতেরা। খাম প্রতীকে তাঁদের প্রার্থীদের লড়তে হবে। মমতা শিবিরের প্রস্তাবিত নামে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঋত-শিবির তাকে কটাক্ষ করেছে।


Share