Accident

গাছের তলায় আশ্রয় নিয়ে বিপত্তি, মুর্শিদাবাদে বজ্রাঘাতে প্রাণ গেল দু’জনের, জখম পাঁচ জন

গুরুতর জখম অবস্থায় সকলকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৮:০১

মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে দু’জনের মৃত্যু হয়েছে। তিনজন আহত হয়েছেন। রবিবার বিকেলে বরাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা ঝড়-বৃষ্টি শুরু হলে পাঁচ জন একটি বটগাছের তলায় আশ্রয় নেন। সেই সময়েই গাছের উপর বাজ পড়লে মারাত্মক বিপর্যয় ঘটে। ঘটনাস্থলেই সবাই গুরুতর জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা শরানন দাস (৪০) ও সাবিত্রী ঘোষ (৬০)-কে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনের চিকিৎসা চলছে।

মৃত শরানন দাস কল্যানপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। কাজ সেরে ফেরার পথে তিনি ঝড়ের মধ্যে গাছের তলায় দাঁড়িয়েছিলেন বলে পরিবারের দাবি। অন্যদিকে সাবিত্রী ঘোষ চিকিৎসকের কাছে দেখিয়ে বাড়ি ফেরার সময় একইভাবে আশ্রয় নিয়েছিলেন। খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share