IPS Posting

সরানো হল পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারকে, ২৩ জন আইপিএস অফিসারের বদলিতে সিলমোহর রাজ‍্য সরকারের

বুধবার বিজ্ঞপ্তি জারি করে ২৩ জন আইপিএস অফিসারের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্বাচন কমিশন এর আগে পুলিশ আধিকারিকদের বদলি দ্রুত সেরে ফেলার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সেই মতো কিছু আইপিএস অফিসারের বদলিতে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার।

আইপিএস অফিসারের বদলিতে সিলমোহর দিল রাজ্য সরকার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১১

নির্বাচনের আগে রাজ্য পুলিশের আবার বড়সড় রদবদল হয়েছে। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে’কে সরানো হয়েছে। পারিজাত বিশ্বাসকে পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের সুপার করা হয়েছে। ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) করা হয়েছে।

বুধবার রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত‍্য বিষয়ক দফতর বিজ্ঞপ্তি জারি করে মোট ২৩ জন আইপিএস অফিসারকে বদলির বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে’কে সরানো হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে খড়্গপুরের অতিরিক্ত রেল পুলিশের সুপার করে পাঠানো হয়েছে। মিতুনের জায়গায় এসেছেন পারিজাত বিশ্বাস। তিনি এর আগে পুরুলিয়ার রাজ‍্য পুলিশের সশস্ত্র বাহিনীর কমান্ডিং অফিসার ছিলেন। দেবশ্রী সান‍্যালকে রাজ‍্য পুলিশের আইবিতে পাঠানো হয়েছে। এর আগে তিনি খড়্গপুরের রেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।

কালীপুজোর দিন প্রতিবেশীকে মারধরের পরে দ‍্যুতিমান ভট্টাচার্য‍্যকে ব‍্যারাকপুরের বাহিনীতে পাঠিয়ে দিয়েছিল রাজ‍্য সরকার। সেই থেকে তিনি বাহিনীতেই ছিলেন। বুধবার তাঁকে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) করা হয়েছে। অসীম খাঁ-কে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (উত্তর) করা হয়েছে। এর আগে তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের ট্রাফিকের ডেপুটি কমিশনার ছিলেন। গণেশ বিশ্বাসকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) করা হয়েছে। এর আগে গণেশ ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (উত্তর) ছিলেন। সুরিন্দর সিংহকে হাওড়া থেকে সরিয়ে ব‍্যারাকপুরের বাহিনীতে পাঠানো হয়েছে।

এ ছাড়াও অনুপম সিংহকে হাওড়ার ডেপুটি কমিশনার ট্রাফিক করা হয়েছে। জয় টুডুকে হোম গার্ডের সিনিয়র স্টাফ অফিসার করা হয়েছে। পাপিয়া সুলতানাকে ব‍্যারাকপুরের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার করা হয়েছে। অংশুমান সাহাকে দার্জিলিংয়ে গোর্খা ব‍্যটেলিয়নের পাঠানো হয়েছে। কুন্তল বন্দ্যোপাধ্যায়কে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। কৃষ্ণগোপাল মিনাকে রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। সমীর আহমেদকে রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

পাশাপাশি শান্তনুকুমার ঝা-কে রাজ‍্য পুলিশের আইবির যুগ্ম সহকারী ডিরেক্টর করা হয়েছে। তিনি এর আগে বাগদার এসডিপিও ছিলেন। অভিষেক যাদবকে বনগাঁর এসডিপিও করা হয়েছে। তিনি এর আগে বাঁকুড়ার খাতরার এসডিপিও হিসেবে। প্রদীপরোশন দেশমুখকে পূর্ব বর্ধমানের কালনার এসডিপিও করা হয়েছে। তিনি আগে জলপাইগুড়ির মালবাজারের এসডিপিও পদে ছিলেন।

বুধবার মোট ২৩ জন আধিকারিকের বদলি করা হয়েছে। নির্বাচনের আগে পুলিশ কর্তাদের বদলি করতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তা শেষ করতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।


Share