Suicide

‘চার্লাপল্লি এক্সপ্রেস থেকে ঝাঁপ! বেলদায় নয়ানজুলি থেকে অসমের যুবকের দেহ উদ্ধার

সোমবার সশিন্দা ২৬ নম্বর রেলগেট সংলগ্ন নয়ানজুলি থেকে ডেভিড তিগ্গার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, রবিবার রাতে বেলদা স্টেশন পার করার পর চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন ডেভিড

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বেলদা
  • শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৪

চার্লাপল্লি এক্সপ্রেস থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর পশ্চিম মেদিনীপুরের বেলদায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার সশিন্দা ২৬ নম্বর রেলগেট সংলগ্ন নয়ানজুলি থেকে দেহটি উদ্ধার হয়। মৃতের নাম ডেভিড তিগ্গা (৩২)। তিনি অসমের বাসিন্দা।

রেল সূত্রে জানা গিয়েছে, ডেভিড হায়দরাবাদ থেকে অসমে ফিরছিলেন। তাঁর সঙ্গে এক আত্মীয় এবং এক বন্ধু ছিলেন। রবিবার রাতে বেলদা স্টেশন পার করার পর আচমকাই চলন্ত ট্রেন থেকে তিনি ঝাঁপ দেন বলে দাবি পরিবারের।

ডেভিডের খুড়তুতো দাদা রমেশ টিগ্গা জানিয়েছেন, রাতে সকলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন। সময় তখন সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে। এরপর বাথরুমে যাওয়ার কথা বলে ডেভিড উঠে যান। কিছুক্ষণের মধ্যেই তিনি ট্রেন থেকে ঝাঁপ দেন। ঘটনাটির খবর পান রমেশ। বিষয়টি জানতে পেরে গেটের কাছে তিনি ছুটে যান। চেন টেনে ট্রেন থামানোরও চেষ্টা করা হয়।

এরপর টিটিই এবং রেলপুলিশের সাহায্য নিয়ে ট্রেন থেকে নেমে আত্মীয় ও বন্ধু ডেভিডের খোঁজ শুরু করেন। কিন্তু রাতের অন্ধকারে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার সকালে খড়্গপুর জিআরপি অফিসে তাঁরা যোগাযোগ করেন। পরে সশিন্দা ২৬ নম্বর রেলগেটের কাছে নয়ানজুলি থেকে ডেভিডের দেহ উদ্ধার হয়।

ডেভিডের মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তিনি নিজে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন, নাকি কোনও ভাবে পড়ে গিয়েছিলেন, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। বেলদা থানার পুলিশ জানিয়েছে, রেললাইনের পাশে নয়ানজুলি থেকে অসমের এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share