TMC Leader Arrested

পরিচয়পত্রে শশুরকে ‘বাবা’ বলে উল্লেখ, নাম পাল্টে ভুয়ো পরিচয়ে জাতিগত শংসাপত্র তৈরির অভিযোগ, সাগরদিঘিতে গ্রেফতার তৃণমূল নেতা আমির শেখ

এই পরিচয়ের ভিত্তিতেই আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডও তৈরি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

গ্রেফতার তৃণমূল নেতা।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৬:২৭

ধর্ম গোপন করে নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দিয়েছেন। এমনকী, পিতৃ পরিচয় নিয়েও জালিয়াতি করেছেন। মুর্শিদাবাদের তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ম ও পরিচয় গোপন করে ভুয়ো নথি তৈরির অভিযোগ উঠেছে। ঘটনায় তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে ঘটনায়টি ঘটেছে। ধৃতের নাম আমির আলি শেখ। অভিযোগ, তিনি নিজের প্রকৃত পরিচয় গোপন করেছেন। পরিবর্তে ভিন্ন নাম ব্যবহার করেছেন। তিনি নিজেকে ‘অমিত সর্দার’ পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি নথি তৈরি করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ ফুলন সর্দারের স্বামী হিসেবে এলাকায় তিনি পরিচিত ছিলেন। ফুলন সর্দারের বাড়ি সাগরদিঘি থানার অন্তর্গত গোবর্ধনডাঙ্গা গ্রামপঞ্চায়েতের খাটুয়া এলাকায়। কয়েক বছর আগে ফুলন সর্দারকে তিনি বিয়ে করেন। তার পর থেকেই সাগরদিঘিতে আমির আলি বসবাস শুরু করেন। যদিও ফুলন সর্দারের সঙ্গে কীভাবে পরিচয় হল তা-ও খতিয়ে দেখা হচ্ছে। 

অভিযোগ, নিজের নাম ও ধর্মীয় পরিচয় তিনি গোপন করেচেন। তিনি ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও হিন্দু নাম ব‍্যবহার করেছেন। তিনি নিজেকে ‘অমিত সর্দার’ পরিচয় দিয়ে জাতিগত শংসাপত্র সংগ্রহ করেন। শুধু তা-ই নয়, সেই পরিচয়ের ভিত্তিতে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডও তৈরি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তদন্তে আরও জানা গিয়েছে, এই নথিগুলি তৈরির ক্ষেত্রে নিজের শ্বশুর জাবলু সর্দারকে 'বাবা' হিসেবে পরিচয় দিয়েছেন।

এই ঘটনা সামনে আসার পর অতীতের একটি বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে। প্রায় এক বছর আগে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি এবং বিধানসভা নির্বাচনে এসডিপিআই প্রার্থী মশিউর রহমান এক মন্তব্যে ফুলন সর্দারকে আদিবাসী বলে উল্লেখ করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী সমাজের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন অমিত সর্দার ওরফে আমিরালি শেখ।

রবিবার তাঁকে সাগরদিঘি থানার পুলিশ গ্রেফতার করে। পরে জঙ্গিপুর মহকুমা আদালতে ধৃতকে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের প্রকৃত বাড়ি উত্তর ২৪ পরগনার কোনও এলাকায়, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভুয়ো নথি তৈরির পুরো চক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

লাভ জিহাদ, ল‍্যান্ড জিহাদ নিয়ে বারবার সরব হয়েছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা এখানে এসে হিন্দু মহিলাদের বিয়ে করে এখানে থেকে যাচ্ছেন বলেও মন্তব‍্য করেছিলেন। তবে আমির আলি বাংলাদেশি কি না তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে।


Share