Fake TTE

নকল টিটিই সেজেই বাজিমাত! যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে রেল পুলিশের হাতে গ্রেফতার ধৃত ব্যক্তি

রবিবার দুপুরে আচরণে সন্দেহ হওয়ায় স্টেশনের আসল টিটিইরা তাঁর পরিচয় যাচাই করতে গেলে ফাঁস হয়ে যায় আসল ঘটনা।

অভিযুক্ত নকল টিটিই
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০২:২৮

বহরমপুর স্টেশনে নকল টিটিই সেজে এক ব্যাক্তি যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছিলেন। এই অভিযোগে ওই ব্যক্তিকে রেল পুলিশ গ্রেফতার করল। ধৃতের নাম মোহন চৌধুরী। বাড়ি সুতি থানার ওমরাপুর এলাকায়। 

পরনে কালো কোট, গলায় ‘ইস্টার্ন রেলওয়ে’ লেখা বেল্ট ও পরিচয়পত্র ঝোলানো রয়েছে। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ফুটব্রিজের কাছে দাঁড়িয়ে সে যাত্রীদের টিকিট পরীক্ষা করছিল। রবিবার দুপুরে আচরণে সন্দেহ হওয়ায় স্টেশনের আসল টিটিইরা তাঁর পরিচয় যাচাই করতে যায়। তখনই তার আসল ঘটনা ফাঁস হয়ে যায়। রেল পুলিশ জানায়, ধৃতের পরিচয়পত্রটি নকল। তাতে শিয়ালদহ ডিভিশনের সিরিয়াল নম্বর ছিল। তবে সই ছিল মালদা ডিভিশনের এক আধিকারিকের। যা দেখে জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয়। এরপরই তাকে আটক করে গ্রেফতার করা হয়।

জেরায় মোহন চৌধুরী স্বীকার করেছে, সে গত প্রায় তিন মাস ধরে নকল টিটির বেশে ঘুড়ে বেড়াচ্ছিল। বিনা টিকিট যাত্রীদের কাছ থেকে টাকা তুলছিল। এই কাজে আরও তিন জনের যোগ রয়েছে বলেও সে জানিয়েছে। সোমবার বহরমপুর সিজেএম আদালত থেকে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুরো চক্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ।


Share