Locked in Toilet

নিরাপত্তার ঘেরাটোপে অমানবিক ঘটনা, কৃষ্ণনগরে সুলভ শৌচালয়ে আড়াই ঘন্টা আটকে ছাত্র

তাঁর অভিযোগ, সে সময় সেখানে কোনও কর্মী উপস্থিত ছিলেন না। কয়েক মিনিট পরে বেরোতে গিয়ে তিনি দেখেন, বাইরের মূল গেটে তালা ঝুলছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১০:৪০

শুক্রবার সকালে কৃষ্ণনগরের জেলা প্রশাসনিক ভবনের পাশের একটি সুলভ শৌচালয়ে দীর্ঘ আড়াই ঘণ্টা তালাবন্দি হয়ে আটকে থাকলেন এক কলেজ ছাত্র। পরে এক পথচারীর তৎপরতায় তাঁকে উদ্ধার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

ভাতজাংলা থেকে কৃষ্ণনগরে আইটিআই কলেজে পড়তে আসা তমোজিৎ চক্রবর্তী শুক্রবার সকালে কলেজ ও টিউশন শেষে ফেরার পথে শৌচালয়টি ব্যবহার করতে ঢোকেন। তাঁর অভিযোগ, সে সময় সেখানে কোনও কর্মী উপস্থিত ছিলেন না। কয়েক মিনিট পরে বেরোতে গিয়ে তিনি দেখেন, বাইরের মূল গেটে তালা ঝুলছে।

মোবাইলে রিচার্জ না থাকায় কাউকে ফোন করতে না পেরে তমোজিৎ ঘুপচি ঘরের ভিতরেই চিৎকার শুরু করেন। ভ্যাপসা গরমে দীর্ঘ সময় আটকে থাকায় তিনি ক্রমশ অসুস্থ বোধ করতে থাকেন।

প্রায় আড়াই ঘণ্টা পরে আমঘাটার বাসিন্দা সঞ্জিত ঘোষ নামে এক বাইক আরোহী রাস্তা দিয়ে যাওয়ার সময় গোঙানির শব্দ শুনে সন্দেহ করেন। কাছে গিয়ে ছাত্রের কান্নার শব্দ পেয়ে বিষয়টি বুঝতে পারেন তিনি। এরপর শৌচালয়ের কর্মীর বাড়ি থেকে চাবি এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তমোজিৎকে বাইরে বের করা হয়।

সঞ্জিত ঘোষ জানান, ছেলেটির শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছিল, আরও কিছুক্ষণ আটকে থাকলে সে অসুস্থ হয়ে পড়তে পারত। প্রকাশ্য রাস্তায়, প্রশাসনিক ভবনের একেবারে পাশে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

উদ্ধারের পরও তমোজিতের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকায় সরকারি শৌচালয়ের রক্ষণাবেক্ষণে গুরুতর গাফিলতির ফলেই এই ঘটনা। নির্বাচনী নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও এতক্ষণ এক ছাত্রের চিৎকার কারও কানে না পৌঁছনোয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। 


Share