Sinking into the river

কাটোয়ায় ছাত্রের তলিয়ে যাওয়ায় বল্লভপাড়া ফেরিঘাটে অচলাবস্থা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ক্ষুব্ধ স্থানীয়দের বাধা ও ইট-পাথর ছোড়ার অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। প্রশাসনের উদ্যোগ সত্ত্বেও এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা।

কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া
  • শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০২:২৭

বৃহস্পতিবার দুপুরে কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাটে ফেরি থেকে পড়ে গিয়ে তলিয়ে গেল এক যুবক।  যুবকের নাম একাদশ শ্রেণির ছাত্র আকাশ সাহা (১৭)। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারও ফেরিঘাটে অচলাবস্থা বজায় রয়েছে। এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্রের মৃত্যুর প্রতিবাদে ফেরি পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।

প্রতিদিন এই ঘাট দিয়ে বহু মানুষ যাতায়াত করলেও পরিষেবা বন্ধ থাকায় কাজে বা জরুরি প্রয়োজনে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়ছেন যাত্রীরা। অনেককেই মাঝপথ থেকে ফিরে যেতে হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ক্ষুব্ধ বাসিন্দাদের বাধার কারণে কাটোয়ার দিক থেকে যাত্রীবোঝাই কোনও নৌকাই বল্লভপাড়া ঘাটে ভিড়তে পারছে না। পাশাপাশি, এপার থেকে ছেড়ে যাওয়া নৌকার দিকেও ইট-পাথর ছোড়ার অভিযোগ উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে ভেসেল চালুর উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের বাধার মুখে তা সম্ভব হয়নি। দুই জেলার প্রশাসন যৌথভাবে ফেরিঘাট স্বাভাবিক করার চেষ্টা চালালেও এখনও পর্যন্ত পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

শুক্রবার সকাল থেকেই মাইকিং করে অনির্দিষ্টকালের জন্য ফেরিঘাট বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। কবে আবার স্বাভাবিক হবে পরিষেবা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


Share