Drowning

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল স্কুল ছাত্র, সন্ধ্যা পেরিয়েও মেলেনি খোঁজ

ঘটনার কয়েক ঘণ্টা কেটে গেলেও প্রশাসনের তরফ থেকে কোনো ডুবুরি ঘটনাস্থলে পৌঁছোয়নি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কল্যাণী
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৮:০৩

নদীয়ার কল্যাণীর মাঝের চর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ছাত্রের নাম সবুজ দাস। বাড়ি কল্যাণী থানার মাঝেরচর ৭ নম্বর ওয়ার্ড এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর প্রায় দু’টো নাগাদ হ্যাপি এলাকার সমবয়সী চার বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে যায়। গঙ্গায় স্নান করতে নেমে আচমকাই সবুজ গভীর জলে তলিয়ে যায়। তাকে বাঁচানোর জন্য সঙ্গে থাকা বন্ধুরা মরিয়া চেষ্টা চালায়। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়। সেই সময় কিছু স্থানীয় জেলে গঙ্গায় মাছ ধরছিলেন। তারাও উদ্ধারকাজে হাত লাগান। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো খোঁজ মেলেনি।

অভিযোগ, ঘটনার কয়েক ঘণ্টা কেটে গেলেও প্রশাসনের তরফ থেকে কোনো ডুবুরি ঘটনাস্থলে পৌঁছোয়নি। এমনকি পর্যাপ্ত উদ্ধারকারী ব্যবস্থাও করা হয়নি বলে দাবি স্থানীয়দের। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও এলাকাবাসীরা।

ঘটনায় মাঝের চর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।


Share