Behrampore Incident

মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে ভয়াবহ দুর্ঘটনার পর বড় উদ্যোগ, সাবওয়ে তৈরির প্রস্তাব রেলের

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের গোবিন্দপুর রেলগেটে দুর্ঘটনার পর ২৪এ/২ নম্বর লেভেল ক্রসিং তুলে সেখানে সাবওয়ে তৈরির প্রস্তাব শীঘ্রই রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। রাজ্যের অনুমোদন মিললেই কাজ শুরু হতে পারে বলে রেল সূত্রে খবর।

রেলগেটের পরিবর্তে সাবওয়ে তৈরি করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ০৮:৪৪

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের গোবিন্দপুর রেলগেটে সাম্প্রতিক এক দুর্ঘটনা ঘটে গিয়েছে। একটি পুলকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় চার পড়ুয়া- সহ পাঁচ জন নিহত হন। এরপর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড় পদক্ষেপের পথে এগোলো ভারতীয় রেল। দুর্ঘটনাস্থলের ২৪এ/২ নম্বর লেভেল ক্রসিং তুলে দিয়ে সেখানে একটি সাবওয়ে নির্মাণের প্রস্তাব খুব শীঘ্রই রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। রাজ্য সরকার অনুমোদন দিলে ওই রেলগেটের পরিবর্তে সাবওয়ে তৈরি করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই গোবিন্দপুর রেলগেটে একটি পুলকার ও একটি সাইকেল ট্রেনের ধাক্কায় পড়ে যায়। এই দুর্ঘটনায় চার পড়ুয়া-সহ মোট পাঁচজনের মৃত্যু হয়। ঘটনাটি গোটা রাজ্যে শোকের আবহ তৈরি করে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দায়িত্বে থাকা গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় রেলগেট বন্ধ করতে ব্যর্থ হন। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

বৃহস্পতিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্ণসুবর্ণে যান। সভামঞ্চে যাওয়ার আগে তিনি নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, “চোখের জল ছাড়া আমার ব্যক্তিগতভাবে দেওয়ার কিছু নেই। তবে আমার পক্ষে যা সম্ভব, আমি করব।”

রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে এবং আহতদের এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। অন্য দিকে, দুর্ঘটনার দিনই রেলও মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায়।

ঘটনার দিনই দায়িত্বে থাকা গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বহরমপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এবার ভবিষ্যতে যাতে ওই স্থানে আর কোনও দুর্ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই গোবিন্দপুরের ওই রেলগেট তুলে দিয়ে সেখানে সাবওয়ে তৈরির পরিকল্পনা নিয়েছে রেল। প্রস্তাবে রাজ্যের সম্মতি মিললে দ্রুত কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


Share