Naihati Boro Ma Mandir

রাজ্যে পালাবদলের পরেই বদলে গেল নৈহাটির বড়মার ট্যাগলাইন! ‘ধর্ম যার যার, বড়মা সবার’ সরিয়ে নতুন স্লোগান ‘বড়মায়ে ভক্তি, সনাতনের শক্তি’

ইতিমধ্যেই মন্দির চত্বর থেকে পুরনো ট্যাগলাইন সরিয়ে নতুন স্লোগান বসানো হয়েছে। গেরুয়া আলোয় ঝলমল করছে নতুন ট্যাগলাইন। বড়মা কমিটির তরফেও নতুন স্লোগান নিয়ে কোনও আপত্তি নেই বলে জানানো হয়েছে।

নৈহাটি বড় মা মন্দিরে ট্যাগলাইন বদল।
নিজস্ব সংবাদদাতা, নৈহাটি
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ১২:২৬

নৈহাটির বড়মা মন্দিরের ট্যাগলাইনে বড়সড় পরিবর্তন। এতদিন মন্দিরের সঙ্গে যুক্ত ছিল ‘ধর্ম যার যার, বড়মা সবার’ স্লোগান। এ বার সেই ট্যাগলাইন বদলে চালু করা হল নতুন স্লোগান—‘বড়মায়ে ভক্তি, সনাতনের শক্তি’। শুক্রবার থেকেই নতুন ট্যাগলাইন কার্যকর করার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই মন্দির চত্বর থেকে পুরনো ট্যাগলাইন সরিয়ে নতুন স্লোগান বসানো হয়েছে। গেরুয়া আলোয় ঝলমল করছে নতুন ট্যাগলাইন। বড়মা কমিটির তরফেও নতুন স্লোগান নিয়ে কোনও আপত্তি নেই বলে জানানো হয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই বড়মার ট্যাগলাইন পরিবর্তন ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। মন্দির কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরেই বহু ভক্ত ট্যাগলাইন পরিবর্তনের আবেদন জানাচ্ছিলেন। তাঁদের সেই আবেদনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। নতুন স্লোগানকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে আপত্তিও কম নেই। সোশ্যাল মিডিয়ায় একাংশের ভক্ত পুরনো ট্যাগলাইন ফিরিয়ে আনার দাবি তুলেছেন। তাঁদের মতে, ‘ধর্ম যার যার, বড়মা সবার’ স্লোগানটির গ্রহণযোগ্যতা ছিল অনেক বেশি।

নৈহাটির বড়মা শুধু একটি কালীপুজো নয়, বহু মানুষের আবেগ ও বিশ্বাসের কেন্দ্র। ১০৩ বছরে পা দিতে চলেছে এই পুজো। বছরের প্রতিটি দিনই মন্দিরে ভক্তদের ভিড় লেগে থাকে। অনেকের বক্তব্য, বড়মা সবারই। তাঁকে কোনও বিশেষ পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করার প্রয়োজন নেই। ট্যাগলাইন বদলালেও ভক্তদের কাছে বড়মার গুরুত্ব বা গ্রহণযোগ্যতা বদলাবে না। তাঁদের কথায়, মায়ের নামই যথেষ্ট, আলাদা করে কোনও স্লোগানের প্রয়োজন নেই।

এর আগেও একাধিকবার বড়মা মন্দিরকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। কখনও ভিআইপি সংস্কৃতি নিয়ে অভিযোগ উঠেছে, কখনও পুজো দেওয়ার পরেও হতাশা প্রকাশ করেছেন পুণ্যার্থীদের একাংশ। তবে সাম্প্রতিক ট্যাগলাইন পরিবর্তনকে ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে।

যদিও এই সিদ্ধান্তের সঙ্গে রাজ্যের রাজনৈতিক পালাবদলের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, নৈহাটির বহু বাসিন্দাই দীর্ঘদিন ধরে সনাতনী ভাবধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ট্যাগলাইনের দাবি জানিয়ে আসছিলেন। বড়মার কমিটির কাছেও এই আবেদন জমা পড়েছিল। তাই ভক্তদের মতামতকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির কমিটির এক সদস্যের কথায়, ‘বড়মায়ে ভক্তি, সনাতনের শক্তি’—এই নতুন ট্যাগলাইন সাধারণ মানুষও সুন্দরভাবে গ্রহণ করবেন বলে তাঁরা আশাবাদী।


Share