Delhi Karol Bagh Market Fire

গভীর রাতে দিল্লির করোলবাগের মোবাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা, আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দিল্লির করোলবাগের গফফর মার্কেটে ভয়াবহ আগুন, ২২টি দমকলের ইঞ্জিনের চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল অগ্নিকাণ্ড।

দিল্লির মার্কেটে আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ১০:৫৪

দীপাবলির উৎসবের আবহেই রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার গভীর রাতে করোলবাগের গফফর মার্কেটের একটি চারতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায়। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় ভবনের একাধিক অংশ। আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। পরিস্থিতি সামাল দিতে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২২টি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দমকল সূত্রে খবর, আগুন লাগা ভবনটির নাম পুরী প্লাজ়া। সেখানে মূলত স্মার্টফোন এবং মোবাইল ফোন মেরামতির বিভিন্ন সরঞ্জাম বিক্রি করা হয়। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ আচমকাই ভবনটিতে আগুন লাগে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্লাজ়ার একতলার একটি দোকানে মজুত করে রাখা মোবাইলের ব্যাটারি থেকেই প্রথমে আগুনের সূত্রপাত হয়। কোনও ভাবে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটলে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় করোলবাগ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয় দমকলের ২২টি ইঞ্জিন। পাশাপাশি তিনটি অ্যাম্বুল্যান্স এবং পুলিশ কন্ট্রোল রুমের তিনটি গাড়িও সেখানে মোতায়েন করা হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়।

শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন তদন্তকারীরা। যদিও প্রাথমিক ভাবে ব্যাটারি বিস্ফোরণের তত্ত্ব সামনে এসেছে, তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে, এই ঘটনায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের তীব্রতায় চারতলা ভবনটির কাঠামো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে দিল্লি পুরনিগম। ভবনটির নিরাপত্তা এবং সেটি ফের ব্যবহারের উপযুক্ত কি না, তা পরীক্ষা করে রিপোর্ট জমা দেবেন বিশেষজ্ঞরা।


Share