Patna Encounter

২০ মিনিটের গুলির লড়াই, ৩৮ রাউন্ড ফায়ারিং! পটনায় পুলিশের এনকাউন্টারে খতম তিন দুষ্কৃতী

পটনায় ২০ মিনিটের গুলির লড়াইয়ে ৩৮ রাউন্ড ফায়ারিংয়ের পর পুলিশের এনকাউন্টারে নিহত তিন খুনের অভিযুক্ত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ০৩:৪০

বিহারের পটনায় এনকাউন্টার। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই হয়। ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে তিন জনকে নিকেশ করা হয়েছে। পুলিশের দাবি, দু’পক্ষের মধ্যে মোট ৩৮ রাউন্ড গুলি চলেছে। এই ঘটনায় মানের থানার এক পুলিশ আধিকারিক জখম হয়েছেন বলেও দাবি করা হয়েছে। শুক্রবার সকালে পটনার মানের থানা এলাকার শেরপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহত তিন জনের নাম জেপি যাদব, বাবলু কুমার এবং রাজেশ শর্মা। কয়েক দিন আগেই প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান সঞ্জিত কুমার খুন হন। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে জেপি যাদব এবং তার দুই সহযোগী বাবলু কুমার ও রাজেশ শর্মার। ঘটনার পর থেকেই তারা অভিযুক্তেরা পলাতক ছিল। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছিল।

দাবি, শুক্রবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, শেরপুরে গঙ্গা নদীর পার্শ্ববর্তী এলাকায় ওই তিন অভিযুক্ত আত্মগোপন করে রয়েছে। খবর পেয়েই সেখানে মানের থানার পুলিশ অভিযান চালায়। কিন্তু পুলিশি অভিযান চলাকালীনই পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অভিযুক্তেরা। সেই গুলিতে বাঁ হাতে জখম হন মানের থানার পুলিশ আধিকারিক রজনীশ কুমার।

এর পরেই পাল্টা জবাব দেয় পুলিশ। শুরু হয় দু’পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই। পুলিশ জানিয়েছে, প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে মোট ৩৮ রাউন্ড গুলি চলে। এর মধ্যে অভিযুক্তরা ২০ রাউন্ড গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও ১৮ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের পাল্টা গুলিতে গুরুতর জখম হয় তিন অভিযুক্ত।

পটনার পুলিশ সুপার কার্তিকেয় শর্মা জানিয়েছেন, সংঘর্ষের পর তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় আহত পুলিশ আধিকারিকের চিকিৎসা চলছে।


Share