Arrest

দক্ষিণ দিল্লিতে পিএলএ-র গোপন ডেরার হদিশ, অভিযান চালিয়ে গ্রেফতার মণিপুরের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিনেতা

শুক্রবার ওই গোপন ডেরায় অভিযান চালিয়ে সংগঠনের এক ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিনেতাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন।

গ্রেফতার মণিপুরের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিনেতা।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ০৩:২৫

দক্ষিণ দিল্লিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিএলএ-র গোপন আস্তানার হদিশ পেল দিল্লি পুলিশ। শুক্রবার ওই গোপন ডেরায় অভিযান চালিয়ে তদন্তকারীরা সংগঠনের এক ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিনেতাকে গ্রেফতার করেছেন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জঙ্গিনেতার বিরুদ্ধে মণিপুরের থৌবল জেলার সদর থানায় ইউএপিএ-তে মামলা দায়ের রয়েছে। ওই মামলায় তিনি প্রধান অভিযুক্ত। মণিপুরে ভারতের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ এবং একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সরাসরি যোগ থাকার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, মেইতেই জনগোষ্ঠীর সশস্ত্র সংগঠন হিসেবে পরিচিত পিএলএ-র লক্ষ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন ও সার্বভৌম মণিপুর রাষ্ট্র গঠন।

তবে তদন্তের স্বার্থে এবং নিরাপত্তাজনিত কারণে দিল্লি পুলিশ ধৃতের নাম ও পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি। দিল্লি পুলিশের অপরাধদমন শাখার ডেপুটি কমিশনার হর্ষ ইন্দোরা জানিয়েছেন, গ্রেফতারির বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দিল্লিতে কোনও নাশকতামূলক হামলার ছক কষতে ওই জঙ্গিনেতা আসেননি। তবে রাজধানীতে তাঁর উপস্থিতির নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন।


Share