Nabadwip Body Mystry

নবদ্বীপে রহস্যমৃত্যু! বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে বিবস্ত্র অবস্থায় মহিলার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাসিন্দারা প্ল্যাটফর্মের ধারে বিবস্ত্র অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ও রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়।

বিষ্ণুপ্রিয়ক হল্ট স্টেশন
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১১:৪০

নদিয়ার নবদ্বীপে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া শাখার বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকা থেকে ওই দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাসিন্দারা প্ল্যাটফর্মের ধারে বিবস্ত্র অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ও রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পরে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় নিশ্চিত করতে মহিলার ছবি নদিয়া, বর্ধমান-সমেত আশপাশের জেলার পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো হয়েছে। পাশাপাশি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলের কাছে একটি মদের দোকান রয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই প্রথম দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ঘটনার খবর পেয়ে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী এলাকায় যান। তিনি শাসক দলকে নিশানা করে বলেন, ‘এই তো নবদ্বীপের শান্তির ছবি। এর আগেও এখানে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। তার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়না।’ বিজেপি প্রার্থীর সন্দেহ, ওই মহিলাকে অন্যত্র খুন করে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে ফেলে দিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দা দেবাশিষ ঘোষ বলেন, ‘সকালে চা খেতে এসে ঘটনার কথা জানতে পারি। ওই মহিলা এই এলাকার বাসিন্দা নন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।’


Share