Suvendu Adhikari

নভেম্বরে পরপর তিনবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! কালিম্পং, আলিপুরদুয়ারের পর কোচবিহারে রাসমেলার উদ্বোধন, চা শ্রমিকদের জন্যও একাধিক ঘোষণা

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১০ ও ১১ নভেম্বর কালিম্পং সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর ১৮ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আলিপুরদুয়ারে যাবেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১১:৩১

চলতি নভেম্বর মাসে পরপর তিনবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে নিজেই তিনটি সফরের সম্ভাব্য সূচি ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১০ ও ১১ নভেম্বর কালিম্পং সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর ১৮ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আলিপুরদুয়ারে যাবেন তিনি। মাসের শেষ সপ্তাহে, ২৪ নভেম্বর কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধনেও উপস্থিত থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরপর তিনটি সফর ঘিরে সংশ্লিষ্ট জেলার পুলিশ ও প্রশাসনকে আগাম প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহৎ মেলা হিসেবে পরিচিত কোচবিহারের রাসমেলা। এই মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, মেলার সাজসজ্জা ও আয়োজনের পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের কৃষি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরতে হবে। মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে জানানোয় ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে।

এ দিন উত্তরবঙ্গ সফরে গিয়ে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকেও যোগ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, শ্রমমন্ত্রী অর্জুন সিং, সাংসদ রাজু বিস্তা, জয়ন্ত রায়-সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক। সেখান থেকেই চা শ্রমিকদের জন্য একাধিক আর্থিক সহায়তার ঘোষণা করেন তিনি। বন্ধ, অচল ও পরিত্যক্ত চা বাগানের মোট ১৯ হাজার ৫২৪ জন শ্রমিককে এককালীন ৫ হাজার টাকা করে দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। এই খাতে রাজ্য সরকারের মোট বরাদ্দ ৯ কোটি ৭৬ লক্ষ ২০ হাজার টাকা।

পাশাপাশি, চা শ্রমিকদের কর্মসংস্থান এবং জীবনযাত্রার মানোন্নয়নে ভিবি-জি রামজি প্রকল্পের উপর জোর দেওয়ার কথা বলেন তিনি। বয়স্ক ভাতার পরিমাণও মাসিক ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্যে চালু করার ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা। এতদিন অসমে চালু থাকা এই প্রকল্পের আওতায় এ বার রাজ্যের চা শ্রমিকরাও মাসে ৫০ কেজি করে চাল পাবেন। সব মিলিয়ে উত্তরবঙ্গ সফরে একদিকে চা শ্রমিকদের জন্য একাধিক আর্থিক সুবিধার ঘোষণা, অন্যদিকে নভেম্বর মাসে তিনটি জেলার সফরসূচি প্রকাশ—দুই বিষয়েই বিশেষ গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী।


Share