Fire Incident

কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা, তদন্ত রেল

পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের ভেন্ডার কামরায় আগুন লেগে যায়। ঘটনায় হতাহতের কোন খবর নেই।

আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনের কামরা
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ০১:৩৭

দাঁড়িয়ে থাকা ট্রেনে অগ্নিকাণ্ড। পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগার ঘটনা সামনে এল। ভেন্ডার কম্পার্টমেন্টটি আগুনে পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত তার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কোনও প্রাণহানি বা জখমের ঘটনা ঘটেনি। এই ঘটনায় ট্রেন ও স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নের মুখে পড়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল।

স্থানীয় সূত্র ও রেল সূত্রে খবর, বর্ধমান থেকে রাত সাড়ে আটটা নাগাদ রওনা দিয়ে লোকাল ট্রেনটি রাত দশটা নাগাদ কাটোয়া স্টেশনে ঢোকে। ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়ানোর পর যাত্রীরা নেমে যান। এর কিছুক্ষণ পরেই ফাঁকা ট্রেনের ভেন্ডার কামরায় আগুন লেগে যায়। বিষয়টি নজরে আসতেই দ্রুত জিআরপি ও আরপিএফকে খবর দেওয়া হয়। রেল পুলিশের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়।

দ্রুততার সঙ্গে আগুন আয়ত্তে আনা গেলেও ভেন্ডার কামরাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে বড়সড় অগ্নিকাণ্ড ঘটেছিল, যার তদন্ত এখনও চলছে। রাতে দাঁড়িয়ে থাকা ট্রেনে পরপর এমন অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীমহলে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হলেও রেল প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।


Share