Murder Case

পাওনা টাকা চাওয়াই কাল হলো! ডায়মন্ড হারবারে যুবককে গলা কেটে খুনের অভিযোগ, কাঠগড়ায় বন্ধুরা

বুধবার গভীর রাতে ডায়মন্ড হারবারের তফা মাদপুর গ্রামে এক যুবককে গলা কেটে খুনের অভিযোগ উঠল তাঁরই বন্ধুদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০৩:৩৬

ধার দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বচসা। আর তার জেরে বন্ধুর হাতেই খুন হল এক যুবক। বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার তফা মাদপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রিয়াজুল মোল্লা (স্থানীয়ভাবে যিনি রাহুল বা জিন আলি মোল্লা নামেও পরিচিত)। তাঁর বাড়ি ওই থানা এলাকারই আমিরা গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ সরিষা বাজার থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রিয়াজুল। তফা মাদপুর গ্রামের কাছে পৌঁছোতেই অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় কোপ বসানো হয়। রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচাতে তিনি কোনওক্রমে দৌড়ে রাস্তার পাশের একটি বাড়ির সামনে যান। সেখানে গিয়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করেন।

আর্তনাদ শুনে ওই বাড়ির মালিক দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তাঁর চিৎকারে আশপাশের বাসিন্দারাও ছুটে আসেন। গ্রামবাসীদের জড়ো হতে দেখে এলাকা ছেড়ে হামলাকারীরা চম্পট দেয়। কিন্তু ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মাটিতে লুটিয়ে পড়েন রিয়াজুল। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে রাতেই তফা মাদপুর গ্রামে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছোয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদের জেরেই এই খুন। জানা গিয়েছে, নিজের কয়েকজন বন্ধুকে টাকা ধার দিয়েছিলেন রিয়াজুল। সম্প্রতি সেই পাওনা টাকা ফেরত চেয়ে তিনি বারবার তাগাদা দিচ্ছিলেন। সেই আক্রোশ থেকেই বন্ধুরা মিলে তাঁকে খুনের ছক কষে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে জোরকদমে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে, প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ মৃতের পরিবার দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


Share