Kolkata Municipal Corporation

বদলের রাজ্যে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার রাস্তা ও মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের ভাবনা; কার্তিক মহারাজের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক কলকাতা পুরসভায়

প্রথম পর্যায়ে বিশ্ববাংলা সরণী, লেনিন সরণী, স্ট্র্যান্ড রোড (প্রস্তাবিত নাম সম্রাট শশাঙ্ক) ও সত্যজিৎ ধরণী-সহ ১৬টি রাস্তার নাম বদল নিয়ে বিস্তারিত গবেষণার পর আগামী ৯ই ডিসেম্বর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। একাধিক মেট্রো স্টেশনের নামেও বদল আনা হবে।

রাস্তার নামকরণ নিয়ে কলকাতা পুরসভায় বৈঠক অনুষ্ঠিত হল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ০৮:৫৫

শহরের রাস্তার পুরনো নাম বদলে নতুন নাম দেওয়া হবে। নতুন নামকরণ করা নিয়ে বিতর্ক সেই পূর্বতন সরকারের আমল থেকেই চলে আসছে। এবার সেই নাম পরিবর্তনের বিষয়ে নতুন করে তৎপরতা শুরু হল। আজ এই সংক্রান্ত বিষয়ে কার্তিক মহারাজের সঙ্গে কলকাতা পুরসভার কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন পুর কমিশনার স্মিতা পান্ডে, সুব্রত গুপ্ত- সহ একাধিক ব্যক্তিত্বরা। এদিনের বৈঠকে কলকাতা, বিধাননগর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা এলাকার একাধিক রাস্তা ও মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গিয়েছে, মূলত কলকাতার বিভিন্ন রাস্তার নামকরণ নিয়েই এদিন বিস্তারিত আলোচনা হয়। আজকের বৈঠকে মোট ১৬টি রাস্তার নাম পরিবর্তন নিয়ে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, পরবর্তী পর্যায়ে আরও ৩৪টি রাস্তার নাম বদলানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। প্রাথমিকভাবে যে চারটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের সম্ভাবনা প্রবল, সেগুলি হল— বিশ্ববাংলা সরণী, লেনিন সরণী, স্ট্র্যান্ড রোড এবং সত্যজিৎ ধরণী। এর মধ্যে ঐতিহাসিক স্ট্র্যান্ড রোডের নাম বদলে ‘সম্রাট শশাঙ্ক’-এর নামে করার প্রস্তাব উঠে এসেছে।

তবে নাম পরিবর্তনের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে নারাজ উদ্যোক্তারা। কারণ, অনেক রাস্তার নাম নিয়েই জনমানসে ও বিভিন্ন মহলে মতবিরোধ রয়েছে। নাম বদলানো হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বা প্রশাসনিক কাজে কোনো অসুবিধা হবে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত গবেষণার প্রয়োজন বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, মূলত বিদেশি নামযুক্ত রাস্তাগুলি বদলানোর দিকেই প্রধান নজর দেওয়া হচ্ছে, তবে কিছু স্বদেশী নামের রাস্তা নিয়েও নতুন করে চিন্তাভাবনা চলছে।

শুধু রাস্তাই নয়, কলকাতা মেট্রোরেলের বেশ কিছু স্টেশনের নাম পরিবর্তনের বিষয়েও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, পরিবর্তিত মেট্রো স্টেশনগুলির নাম কোনো মনীষীর নামে রাখা হবে না। বরং সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক বা স্থানীয় নামের ভিত্তিতেই স্টেশনগুলির নামকরণ করা হবে।

রাস্তার নাম পরিবর্তনের এই প্রক্রিয়া ও গবেষণার অগ্রগতি নিয়ে আগামী ৯ই ডিসেম্বর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।


Share