AIFF Election

এআইএফএফের ভোটার তালিকায় ফিরলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে, সভাপতি পদে ফের লড়াইয়ের পথ প্রশস্ত

কর্নাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএসএফএ) প্রতিনিধি হিসেবে নির্বাচনী আধিকারিক রাজীব শর্মা তাঁর মনোনয়ন অনুমোদন করেছেন। বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা।

এআইএফএফের ভোটার তালিকায় ফিরলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০২:৪৫

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচনের আগে বড় স্বস্তি বিজেপি নেতা কল্যাণ চৌবের। খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা করে নিলেন বর্তমান এআইএফএফ সভাপতি। কর্নাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএসএফএ) প্রতিনিধি হিসেবে নির্বাচনী আধিকারিক রাজীব শর্মা তাঁর মনোনয়ন অনুমোদন করেছেন। বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। ফলে আগামী ২০ ডিসেম্বর দিল্লিতে হতে চলা নির্বাচনে সভাপতি পদে ফের লড়াই করার সুযোগ তৈরি হল কল্যাণের সামনে।

জানা গিয়েছে, কেএসএফএ তাদের প্রতিনিধি হিসেবে হানিফ মহম্মদের পরিবর্তে কল্যাণ চৌবের নাম প্রস্তাব করেছে। অন্য প্রতিনিধি হিসেবে থাকছেন সংস্থার সভাপতি এন এ হ্যারিস, যিনি এআইএফএফের সহ-সভাপতিও। কেএসএফএ-র কার্যনির্বাহী কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, নির্বাচনী আধিকারিক গত ১৩ নভেম্বরের মধ্যে প্রতিটি রাজ্য ফুটবল সংস্থাকে দু’জন করে প্রতিনিধি মনোনীত করার নির্দেশ দিয়েছিলেন। প্রথমে দমন ও দিউ ফুটবল অ্যাসোসিয়েশন কল্যাণের নাম প্রস্তাব করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। ফলে নির্বাচনের খসড়া ভোটার তালিকায় তাঁর নাম জায়গা পায়নি। নির্ধারিত সময়সীমা পেরিয়ে কেএসএফএ নতুন করে তাঁর নাম প্রস্তাব করায় সেই মনোনয়ন গৃহীত হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত নির্বাচনী আধিকারিকের অনুমোদনে সেই জট কাটল।

কল্যাণের মনোনয়ন ঘিরে রাজনৈতিক সমীকরণও বিশেষ তাৎপর্যপূর্ণ। কেএসএফএ সভাপতি এন এ হ্যারিস কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে, বিজেপি নেতা কল্যাণ পশ্চিমবঙ্গে ওই দলের টিকিটে নির্বাচনে লড়েছেন। রাজনৈতিক মতাদর্শে দুই মেরুর হলেও ২০২২ সালে একসঙ্গেই এআইএফএফের ক্ষমতায় এসেছিলেন তাঁরা। সে বার বাইচুং ভুটিয়াকে ৩৩-১ ভোটে হারিয়ে কল্যাণ ফেডারেশনের প্রথম প্রাক্তন ফুটবলার সভাপতি নির্বাচিত হন। হ্যারিস সহ-সভাপতির দায়িত্ব পান।

তবে সাম্প্রতিক সময়ে কল্যাণের নেতৃত্ব নিয়ে সমালোচনা বেড়েছে। গত ১৭ নভেম্বর বাইচুং ভুটিয়া-সহ ভারতের ১৫ জন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠি দিয়ে এআইএফএফের নির্বাচনের আগে হস্তক্ষেপের আর্জি জানান। ‘স্পোর্টস নাও’-কে দেওয়া সাক্ষাৎকারে বাইচুং দাবি করেন, চার বছর আগে কল্যাণকে সভাপতি করার ক্ষেত্রে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল। তাঁর মতে, এ বারও নির্বাচনের আগে মন্ত্রকের হস্তক্ষেপ প্রয়োজন। কল্যাণকে সভাপতি নির্বাচিত করা যে বড় ভুল ছিল, তা প্রথম দিন থেকেই বলে আসছেন বলেও প্রাক্তন ভারত অধিনায়ক মন্তব্য করেন।

সব মিলিয়ে নির্বাচনের আগে নতুন করে এআইএফএফের অন্দরমহলের সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটার তালিকায় কল্যাণের প্রত্যাবর্তনে সভাপতি পদের লড়াই যে আরও জমে উঠতে চলেছে, তা বলাই যায়।


Share